স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন সঠিক ও মানসম্মত পরিসংখ্যান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০২৩ | ০৪:১৩ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ০৪:৪০
দিন দিনই বাড়ছে পরিসংখ্যানের গুরুত্ব। বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে পরিসংখ্যানের প্রয়োজন হয়। দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে দরকার সঠিক ও মানসম্মত পরিসংখ্যান। তাই এ বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং সংশ্নিষ্ট সরকারি দপ্তরগুলোর সক্ষমতা আরও বাড়াতে হবে।
গতকাল সোমবার জাতীয় পরিসংখ্যান দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিবিএস। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, দক্ষ জনবল ছাড়া মানসম্মত পরিসংখ্যান তৈরি এবং সরবরাহ করা সম্ভব নয়। এ জন্য বিবিএসের জনবলের দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি জনবল নিয়োগের ক্ষেত্রেও যোগ্যদের প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, সব মন্ত্রণালয়েই পরিসংখ্যানের ব্যবহার এবং অর্থনৈতিক বিশ্নেষণের প্রয়োজনীয়তা বাড়ছে। সেখানেও যোগ্য জনবল থাকা প্রয়োজন। ড. মসিউর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক খাতের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাতকেও সমান গুরুত্ব দিতে হবে। অর্থনীতিতে তাদের অবদান পরিসংখ্যানের আওতায় আনা উচিত এবং তা সংরক্ষণ করা প্রয়োজন। তিনি বলেন, দেশে ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে। তাদের বিষয়েও জরিপ করা উচিত।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তথ্য অপরিহার্য। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এবং সরকারের সব পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি খাতের জন্য নির্ভুল, সময়োপযোগী এবং মানসম্মত পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী বলেন, দ্রুত অগ্রসরমাণ অর্থনীতিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়ন ছাড়াও প্রশাসনিক নীতিনির্ধারণে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। দ্রুততম সময়ে পরিসংখ্যান তৈরি ও সব তথ্য-উপাত্ত প্রতিবেদন আকারে প্রকাশ করতে বিবিএসের প্রতি আহ্বান জানান তিনি।
বিবিএসের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার জন্য প্রয়োজন সঠিক তথ্য। সরকারি বিভিন্ন দপ্তরে তথ্য সরবরাহ করে থাকে বিবিএস। মাঠ পর্যায় থেকে সঠিক তথ্য তুলে আনতে সর্বাত্মক চেষ্টা করছে বিবিএস। বিভিন্ন প্রতিবেদন সঠিক সময়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।