বিএসটিআইর বাধ্যতামূলক মান সনদের আওতায় ৩৭ পণ্য
টিসিবির পণ্য বিক্রি উদ্বোধনের পর ক্রেতার ভিড়। বৃহস্পতিবার রাজধানীর পূর্ব নাখালপাড়া থেকে তোলা -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৩ | ১৮:০০
মিষ্টান্ন, প্রেশারকুকার, এলপিজি গ্যাস সিলিন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, বিটুমিন অ্যান্ড বিটুমিনাস বাইন্ডার্স-পলিমার মডিফাইড বিটুমিন, ইউপিএসসহ আর ৩৭টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ কাউন্সিলের ৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিএসটিআইর বাধ্যতামূলক মান সনদের আওতায় আগে থেকে ২৩৯টি পণ্য রয়েছে।
নতুন করে বাধ্যতামূলক মান সনদের আওতায় আরও এসেছে– গ্রিন টি, সয়াসস, চাটনিজ, ডেকোরেটেড কেক, মল্টবেজড ফুড, মল্ট ড্রিঙ্ক, ছানা, চিজেস, হুয়ে চিজেস, ক্রিম চিজেস, এক্সট্রা হার্ড গ্রাটিং চিজ, হেয়ার ক্রিম, কাজল, ফেসপ্যাক, গ্লিসারিন টয়লেট সোপ, লিকুইড টয়লেট সোপ, ট্রান্সপারেন্ট টয়লেট সোপ, ক্লিন কুক স্টোভস অ্যান্ড কুকিং সল্যুশনস, ইন্ডাস্ট্রিয়াল সেইফটি হেলমেট, হেসিয়ান জুট ব্যাগস ফর রাইচ অ্যান্ড পালস, হেসিয়ান জুট ব্যাগস (লেমিনেটেড/ইনার লিনার) ফর পোলট্রি ফিড অ্যান্ড ফিশ ফিড, হেসিয়ান জুট ব্যাগস ফর প্যাকিং ৩০ কেজি ফুড গ্রেইনস, জুট ব্যাগস ফর প্যাকিং ৫০ কেজি ফুড গ্রেইনস, টেক্সটাইল লাইট ওয়েট জুট সাকিং ব্যাগস ফর প্যাকিং ৫০ কেজি ফুড গ্রেইনস, নন-ওভেন উয়িপস, সিল্ক ফেব্রিকস, সিনথেটিক মসকুইটো নেটস, টাওয়েলস অ্যান্ড টাওয়েলিং, লিড-এসিড ট্রাকশন ব্যাটারিজ, সিঙ্গেল ফেস মোটর এবং টুথব্রাশ।
শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি সভায় সভাপতিত্ব করেন। কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআইর মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব মো. আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, জ্বালানি ও খনিজসম্পদ, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক, ইপিবি এবং এমসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শিল্পমন্ত্রী বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রাতারাতি বড় লোক হওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে। অনেক ব্যবসায়ী যেসব কর্মকাণ্ড করেন, তা কোনো নৈতিকতার মধ্যে পড়ে না। তাঁদের সংশোধন হতে হবে।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা পণ্যে ভেজাল দিচ্ছে, সিন্ডিকেট করছে। ভোক্তা স্বার্থ রক্ষায় বিএসটিআইকে দায়িত্ব নিতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে নিম্নমানের পণ্য ও ভেজালরোধে বিএসটিআইকে কাজ করতে হবে।