ডেনিম এক্সপো
ক্রেতাদের কাছ থেকে ভালাে সাড়া মিলছে
মঙ্গলবার বাংলাদেশ ডেনিম এক্সপোর একটি স্টলে পােশাক দেখছেন দর্শনার্থী- ফটাে রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৩ | ১৮:০০
ঢাকাই ডেনিমের দাপট বাড়ছে বিশ্বব্যাপী। ডেনিমের রকম-ধরনেও বৈচিত্র্য বেড়েছে। পরিবেশসম্মত উৎপাদন ব্যবস্থার কারণেও মিলছে বাড়তি সুবিধা। এসব কারণে তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগী দেশগুলোতেও এখন বাংলাদেশের ডেনিম রপ্তানি হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের কারণে দেশটির শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এ সময় তৈরি পোশাকের পশ্চিমা ক্রেতাদের মাঝে বাংলাদেশের ডেনিমের প্রতি তৈরি হয় বাড়তি ঝোঁক।
বাংলাদেশ ডেনিম এক্সপোতে অংশ নেওয়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এমন অভিমত পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দু’দিনের এ প্রদর্শনী শুরু হয়। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) প্রদর্শনীর আয়োজন করেছে। দেশি-বিদেশি ৯০টি ডেনিম প্রস্তুতকারক এবং প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি দু’দিনে মোট চার প্যানেল আলোচনার আয়োজন রয়েছে। উন্নয়ন সহযোগী, ব্র্যান্ড ও ক্রেতাদের প্রতিনিধি, উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা এতে আলোচনা করছেন।
প্রদর্শনীতে পাইওনিয়ার ডেনিমের উপমহাব্যবস্থাপক হাসিবুল হুদা সমকালকে বলেন, ইউরোপের ক্রেতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্পের পর ডেনিমের রপ্তানি আদেশ বেড়েছে। অবশ্য সে তুলনায় যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সাড়া কিছুটা কম। তিনি জানান, গত বছর থেকে ভিয়েতনামেও ডেনিম রপ্তানি শুরু করেছেন তাঁরা। সেখানে বড় সম্ভাবনা রয়েছে ডেনিমের। দেশটিতে মাত্র তিনটি ডেনিম কারখানা। বাংলাদেশে রয়েছে ৩৩টি। ভারত এবং শ্রীলঙ্কায় উচ্চ দরের ডেনিমের চাহিদা বাড়ছে।
শতাধিক ডেনিম আইটেম নিয়ে অংশ নিচ্ছে আরগন ডেনিমস। জানতে চাইলে প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক রোবায়েদ সিদ্দিক সমকালকে বলেন, ইউরোপের ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া মিলছে। রপ্তানি আদেশ পর্যাপ্ত। নতুন নতুন ক্রেতারাও যোগাযোগ করছেন। সমস্যা শুধু গ্যাস সংকট নিয়ে। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত তাঁদের কারখানায় গত দু’দিনে গ্যাস সংকটে আড়াই লাখ গজ ডেনিম নষ্ট হয়েছে।
তিনি জানান, গ্যাসের দাম বাড়ার কারণে উৎপাদন ব্যয় বেড়েছে ১০ থেকে ১২ শতাংশ। ক্রেতারা বাড়তি এই দর দিতে রাজি নন। তার পরও পর্যাপ্ত কাজ থাকায় তেমন সমস্যা হচ্ছে না। বাড়তি দরেও গ্যাস না পাওয়াই ডেনিমের প্রধান সমস্যা এখন।
জিন্স ল্যাব প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তি সেবা প্রদর্শন করছে। প্রতিষ্ঠানের সহব্যবস্থাপক এস এম আবদুর রউফ জানান, ডেনিমের পরিবেশসম্মত এবং সাশ্রয়ী উৎপাদনের সব ধরনের প্রযুক্তিসেবা দিয়ে থাকেন তাঁরা। দেশে এ ধরনের প্রযুক্তির চাহিদা এখন অনেক বেশি।
- বিষয় :
- ডেনিম এক্সপো
- ডেনিম