বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩ বছর চায় বিজিএমইএ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ০৫:৪৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতায় তৈরি পোশাক খাতকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। তাই খাতটিকে নীতিগত সহায়তা দিতে সরাসরি রপ্তানিমুখী সব শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিশেষ অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ।
রপ্তানিমুখী শিল্পের সব প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করার জন্য অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে শুধু রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত সরাসরি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করা হয়েছে। ইপিজেডের প্রতিষ্ঠান ব্যতীত অন্যদের মেয়াদ না বাড়ানোয় বৈষম্য তৈরি হবে। তাই তৈরি পোশাক রপ্তানি বাণিজ্যের সক্ষমতা ও প্রবৃদ্ধি বজায় রাখা এবং ব্যবসা সহজীকরণ ও ব্যয় হ্রাসের জন্য সরাসরি রপ্তানিমুখী সব শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
- বিষয় :
- বিজিএমইএ
- বন্ড লাইসেন্স
