এফবিসিসিআই সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন আজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ১৮:০০
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের নির্বাচনে সরাসরি ভোটে ২৩টি পরিচালক পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আর ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন আটজন।
গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআইর ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী সোমবার রাত সাড়ে ৩টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বোর্ডের অন্য দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিত পরিচালকরা হলেন– হাফেজ হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ, বি. এম. শোয়েব, মীর নিজাম উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, মো. সহিদুল হক মোল্যা, নিজাম উদ্দিন রাজেশ, মো. মুনতাকিম আশরাফ, রাকিবুল আলম দীপু, মোহাম্মদ আফতাব জাভেদ, মো. ইসহাকুল হোসেন সুইট, আমির হোসেন নুরানী, সৈয়দ মো. বখতিয়ার, তপন কুমার মজুমদার, সালমা হোসেন অ্যাশ ও হাজী মো. আবুল হাশেম। এ পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেলফোন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মীর নিজাম উদ্দিন আহমেদ।
ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন কাওসার আহমেদ, খন্দকার রুহুল আমিন, মো. আমিন হেলালী, মো. নিয়াজ আলী চিশতী, আবু মোতালেব, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী রনি ও হাফেজ হারুন। এ পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
অ্যাসোসিয়েশন গ্রুপে ২৩ পরিচালক পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ জন। এর মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী ছিলেন।
এবার এফবিসিসিআই নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। অন্যদিকে বিদ্রোহী প্যানেল বা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ সেলফোন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মীর নিজাম উদ্দিন আহমেদ।
নির্বাচনে বিজয়ীদের ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, তুলনামূলক বেশি ভোট পড়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের পক্ষে। এ বিষয়ে মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, সিলেকশনে পরিচালক হওয়ার জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সাধারণ ব্যবসায়ীদের কাছে পরিচালকদের দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য তিনি ভোটের পক্ষে ছিলেন। কারণ নির্বাচন ছাড়া নেতা নির্বাচিত হলে নেতারা সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেন না।
এফবিসিসিআইতে চেম্বার ও অ্যাসোসিয়েশন– এ দুই গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন। ৮০ জন পরিচালকের মধ্যে দুই গ্রুপ থেকে ১৭ জন করে ৩৪ জন পরিচালক মনোনীত হন। এর মধ্যে ৩২ জন ইতোমধ্যে মনোনীত হয়েছেন। মনোনীত পরিচালকদের দুটি পদ ফাঁকা রয়েছে। বাকি ৪৬ জন পরিচালক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা। তবে চেম্বার গ্রুপ থেকে শুধু ব্যবসায়ী ঐক্য পরিষদের ২৩ জন পরিচালক প্রার্থী ছিলেন। তাদের বিপরীতে অন্য কোনো প্যানেল না থাকায় এ গ্রুপের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সরাসরি ভোটের মাধ্যমে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত পরিচালকরা আজ বুধবার বিকেল ৪টা রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে সংগঠনটির নতুন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহসভাপতি পদে নির্বাচন করবেন। চট্টগ্রাম চেম্বারের মাহবুবুল আলমের সভাপতি হওয়া মোটামুটি নিশ্চিত। নিয়ম অনুযায়ী, সভাপতি চেম্বার গ্রুপ থেকে হলে সিনিয়র সহসভাপতি হবেন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে।
এফবিসিসিআই সূত্রে জানা গেছে, এ পদে আসতে পারেন বিজিএমইএ থেকে মনোনীত পরিচালক ফারুক হাসান। যিনি বর্তমানে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া এ পদে হাবীব উল্লাহ ডন, আমিন হেলালী ও মীর নিজাম উদ্দিনের নাম আলোচনায় রয়েছে।
ছয় সহসভাপতির মধ্যে তিনজন চেম্বার থেকে আর তিনজন অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত হবেন। চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি পদে দিলীপ কুমার আগরওয়ালা, যশোদা জীবন দেবনাথ, প্রীতি চক্রবর্তী, আব্দুল ওয়াহেদ, বজলুর রহমান ও আনোয়ার হোসেনের নাম শোনা গেছে। অন্যদিকে অ্যাসোসিয়েশন থেকে সহসভাপতি হিসেবে আবু মোতালেব, হাফেজ হারুন, শমী কায়সার, খন্দকার রুহুল আমীন, রাশেদুল হোসেন চৌধুরী রনির নাম আলোচনায় রয়েছে।
- বিষয় :
- এফবিসিসিআই
- নির্বাচন
