শীর্ষ আন্তর্জাতিক রিটেইল ব্যাংক এইচএসবিসি
সিঙ্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক রিটেইল ব্যাংকিং পুরস্কার গ্রহণ করছেন এইচএসবিসি বাংলাদেশের হেড অব পার্সোনাল ব্যাংকিং তানমি হক - ফটাে রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ১৮:০০
দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) তৃতীয়বারের মতো বছরের সেরা আন্তর্জাতিক রিটেইল ব্যাংক এবং সেরা বিপণন ও ব্র্যান্ড উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সম্প্রতি সিঙ্গাপুরের ম্যারিনা বে স্যান্ডসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের পার্সোনাল ব্যাংকিংয়ে দক্ষতা এবং গ্রাহকদের অবারিত আন্তর্জাতিক সম্ভাবনার সঙ্গে সংযুক্ত করার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এইচএসবিসিকে বিখ্যাত ম্যাগাজিন এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স এ পুরস্কার দেয়। গতকাল এইচএসবিসি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০০৬ সাল থেকে এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স পুরস্কার মূলত এশিয়ায় অবস্থিত ব্যাংকগুলোর নেতৃত্ব এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনীমূলক কার্যক্রমের স্বীকৃতি দিয়ে আসছে। পরপর তৃতীয়বার এ পুরস্কার অর্জনের বিষয়ে এইচএসবিসি বাংলাদেশের হেড অব পার্সোনাল ব্যাংকিং (রিটেইল ব্যাংকিং) তানমি হক বলেন, ‘গ্রাহকরাই আমাদের সব কাজের কেন্দ্রবিন্দু। বিভিন্ন উদ্ভাবনী সেবার পাশাপাশি আমাদের প্রচারমূলক উদ্যোগ গ্রাহকদের ব্র্যান্ড অভিজ্ঞতায় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে। এ অর্জন আমাদের সব প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ, যা আমাদের গ্রাহকদের জন্য আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’
এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, ‘বাংলাদেশের সেরা আন্তর্জাতিক রিটেইল ব্যাংক হিসেবে তৃতীয়বার এবং ‘বেস্ট মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হওয়া গ্রাহকদের প্রতি আমাদের উৎকৃষ্ট সেবারই প্রমাণস্বরূপ। এ স্বীকৃতির মাধ্যমে আমরা গ্রাহকদের ক্রমপরিবর্তনশীল চাহিদা মেটানোর পাশাপাশি বিভিন্ন বিশ্ব বাণিজ্যের সম্ভাবনার সঙ্গে সংযুক্ত করার ব্যাপারে আমরা তৎপর থাকব। তাই আমি এই অর্জনটি আমাদের ভোক্তা, নীতিনির্ধারক ও অংশীদারদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।’
