ফের এমসিসিআই সভাপতি কামরান তানভিরুর রহমান
কামরান তানভিরুর রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ২৩:৩৫
কামরান তানভিরুর রহমান ২০২৫ সালের জন্য মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা তাঁকে এ পদে নির্বাচিত করেন, যা গতকাল অনুষ্ঠিত এমসিসিআইর ১২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) জানানো হয়। এ ছাড়া সংগঠনটির সিনিয়র সহসভাপতি পদে হাবিবুল্লাহ এন. করিম ও সহসভাপতি পদে সিমিন রহমান পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল এমসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কামরান তানভিরুর রহমান এর আগে এমসিসিআইর সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি ছিলেন। তিনি পাট ও চা খাতের নেতৃস্থানীয় উদ্যোক্তা। তিনি ২০২৩-২৫ মেয়াদে বাংলাদেশ চা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনের একজন সদস্য।
হাবিবুল্লাহ এন. করিম টেকনোহেভেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি কোরি ডিজিটাল ব্যাংকের চেয়ারম্যান, যা দেশের উদ্ভাবনী আর্থিক সেবার পথ প্রশস্ত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের জন্য সম্মতিপত্র পেয়েছে। তিনি দুই মেয়াদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ছিলেন।
অন্যদিকে সহসভাপতি সিমিন রহমান দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ট্রান্সকম গ্রুপের
আওতাধীন সব প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- বিষয় :
- এমসিসিআই
