ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেসরকারি খাত উন্নয়নে জোর দেওয়ার তাগিদ বিশ্বব্যাংকের

বেসরকারি খাত উন্নয়নে জোর দেওয়ার তাগিদ বিশ্বব্যাংকের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ০০:২৮

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়নে জোর দিতে হবে। একই সঙ্গে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল রোববার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে এসব পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। অর্থ মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় এই বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। 
সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশকে যে ধারাবাহিক সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তা অব্যাহত রাখবে। বিশেষ করে বাজেট সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট সন্তুষ্টি প্রকাশ করেছেন। এক বছর আগে অর্থনৈতিকভাবে যে কঠিন চ্যালেঞ্জের মুখে ছিল সেখান থেকে উত্তরণ হচ্ছে। এটা আর্থিক খাতে খুব বড় সাফল্য। 

অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট বেসরকারি খাত উন্নয়নে বেশি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আরও বাড়াতে উদ্যোগ নেওয়ার কথাও বলেন। বিশেষ করে পিছিয়ে থাকা বেসরকারি খাতের উন্নয়ন করতে হবে। এ ক্ষেত্রে সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী সংস্থা আইএফসিও বেসরকারি খাতে সহায়তা বাড়ানোর কথা বলেছে। 

তিনি বলেন, আইএফসি ৫০০ মিলিয়ন ডলার নিয়মিত সহায়তা ও দেড় বিলিয়ন ডলার ট্রেড ফাইন্যান্স দিচ্ছে। আর টাকা বন্ডেও বিনিয়োগ করবে। এ ছাড়া ইডকলকে বিশেষ সহায়তা দেবে আইএফসি। এর মধ্যে ২৫ মিলিয়ন ডলার পর্যন্ত প্রাথমিক সহায়তা, ছাদে সোলার স্থাপনে আলাদা সহায়তা দেবে আইএফসি। সার্বিকভাবে বিশ্বব্যাংক ও আইএফসি এখন সহায়তা অব্যাহত রাখবে। 
প্রসঙ্গত, বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট চার দিনের সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। জুট চলতি বছরের ১ জুলাই বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ করেন। 

আরও পড়ুন

×