ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এমওইউ স্বাক্ষর 

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সহযোগিতা করবে আরও ১৭ ব্যাংক 

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সহযোগিতা করবে আরও ১৭ ব্যাংক 
×

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খানসহ অন্যরা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ১৭:৫৯

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন আরও গতিশীল করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) সোমবার ১৭টি বেসরকারি ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে নিবন্ধন, চাঁদা সংগ্রহ এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস সংযুক্তিকরণ প্রক্রিয়াকে সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২৪টি ব্যাংকের সঙ্গে একই বিষয়ে এমওইউ স্বাক্ষর হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিমের সফল বাস্তবায়নে তপশিলি ব্যাংকসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। গ্রাহকদের এ স্কিমে নিবন্ধন ও চাঁদা প্রদানে উদ্বুদ্ধ করার মাধ্যমে সর্বসাধারণের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষা নিশ্চিতকরণে ইতিবাচক অবদান রাখতে তিনি ব্যাংকগুলোর প্রতি আহবান জানান।

অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

ব্যাংকগুলো হলো– ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স, বাংলাদেশ ডেভেলপমেন্ট, বেসিক, বেঙ্গল কমার্শিয়াল, ঢাকা, এক্সিম, যমুনা, মেঘনা, মার্কেন্টাইল, এনআরবি, এনআরবিসি, এসবিএসি, স্ট্যান্ডার্ড, সীমান্ত, সোশ্যাল ইসলামী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এ চুক্তির মাধ্যমে এখন পর্যন্ত ৪১টি ব্যাংক সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সম্পৃক্ত হয়েছে। অবশিষ্ট দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সাথেও পর্যায়ক্রমে একই ধরনের চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমে চারটি পৃথক কর্মসূচি রয়েছে- প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা। প্রতিটি অংশগ্রহণকারীর   জন্য একটি ইউনিক পেনশন আইডি প্রদান করা হয়, যার মাধ্যমে তারা অনলাইনে তাৎক্ষণিকভাবে তাদের চাঁদা এবং মুনাফা পর্যবেক্ষণ করতে পারেন। অবসরোত্তর আর্থিক নিরাপত্তার পাশাপাশি, এ স্কিমে আয়কর রেয়াত, ঋণ সুবিধা এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য সরকারি সহ-অংশীদারিত্বের সুবিধাও রয়েছে।

আরও পড়ুন

×