ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব 

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব 
×

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ২১:০১ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ | ০০:৫২

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট–বিএফআইইউ। গত বছরের আগস্টে তাকে ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এক বছর না পেরুতেই বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাসুদ ও তাঁর পরিবারের সবার অ্যাকাউন্ট তলব করলো বিএফআইইউ।

ব্যাংকগুলোতে পাঠানো বিএফআইইর চিঠিতে বলা হয়েছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদের পাশাপাশি তার স্ত্রী মারজিনা বেগম ওরফে মুনমুন মাসুদ, দুই ছেলে জুন্নুন সাফওয়ান ও জুনায়েন জুলকার নায়েন তিয়ান এবং মেয়ে তাসমিয়া তারান্নুম নাওমির ব্যাংক হিসাবের তথ্যও পাঠাতে হবে। তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য কোনো নামে হিসাব পরিচালিত হয়ে থাকলে তাও জানাতে হবে। এছাড়া তাদের নামে কোনো সঞ্চয়পত্র, বন্ড, লকার সার্ভিস, স্টুডেন্ট ফাইল, ক্রেডিট কার্ড, প্রি–পেইড কার্ড, গিফট কার্ডসহ ৫ লাখ ও তদুর্ধ্ব অঙ্কের লেনদেন ভাউচার ১৫ জুলাইয়ের মধ্যে বিএফআইইতে দিতে হবে। আগে পরিচালিত অথচ এখন বন্ধ – এরকম হিসাব থাকলে তাও জানাতে হবে।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ব্যাংক তাকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকে ৫ সদস্যের একটি পর্ষদ গঠন করে দেয়। ইসলামী ব্যাংকসহ এ পর্যন্ত ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

সম্প্রতি ইসলামী ব্যাংকে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জোবায়দুর রহমানকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। জোবায়দুর রহমানকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হচ্ছে এমন আলোচনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে বর্তমান চেয়ারম্যানকে এ বিষয়ে আভাসও দেওয়া হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার জোবায়দুর রহমানের পদত্যাগ দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শেয়ারহোল্ডার ও আমানতকারীদের ব্যানারে বিক্ষোভ হয়। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যানের পক্ষের লোকজন ওই কর্মসূচি পালন করেন বলে জানা গেছে। এর মধ্যে ওবায়েদ উল্লাহ আল মাসুদের ব্যাংক হিসাব তলব করলো বিএফআইইউ।

আরও পড়ুন

×