ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সর্বজনীন পেনশন

আস্থার সংকটে বাড়ছে না গ্রাহক: অর্থ সচিব

আস্থার সংকটে বাড়ছে না গ্রাহক: অর্থ সচিব
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ২০:৫৫ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ | ২২:২৩

সর্বজনীন পেনশন কর্মসূচিতে রাষ্ট্রায়ত্ত ও সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এদিকে, শুরু থেকে চালু হওয়া চারটি স্কিম চলমান থাকলেও আস্থার সংকটে এ কার্যক্রমে গ্রাহক সংখ্যা কাঙ্ক্ষিত হারে বাড়ছে না বলে মন্তব্য করেছেন অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। তবে সার্বিকভাবে আগামীতে এ কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়াতে ইতোমধ্যেই বেশকিছু পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ‘ইউ পেনশন’ অ্যাপ চালু করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। 

বুধবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন অর্থ সচিব। অ্যাপটির উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান মহিউদ্দীন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ‘ইউ পেনশন’ মোবাইল অ্যাপের মাধ্যমেই এখন থেকে ব্যক্তি পর্যায়ে সর্বজনীন পেনশনের স্কিম বা চাঁদা দেওয়া যাবে। মোবাইলফোন থেকে লগইন, যাবতীয় তথ্য যাচাই এবং নোটিফিকেশন পাবেন গ্রাহকরা। অ্যাকাউন্টের নমিনি পরিবর্তন বা অন্যান্য সব কাজই অ্যাপের মাধ্যমে করা সম্ভব।

অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন আসে, সর্বজনীন পেনশনে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত, বিধিবদ্ধ সংস্থা ও সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ছিল সরকারের। তারপরও এতে সুযোগ–সুবিধা কম থাকায় তাদের বিরোধিতায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়নি। তাহলে সাধারণ মানুষ কেন এতে অংশ নেবে? প্রতিমাসে হয়তো দুই একজন নতুন গ্রাহক হচ্ছে; এভাবে কি এ কর্মসূচি অব্যাহত রাখা উচিত- এমন প্রশ্নে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, আস্তে আস্তে সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করা হবে। 

তিনি বলেন, সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক চেষ্টার পরও গ্রাহক কম। দীর্ঘদিন ধরে প্রতিমাসে এক, দুই হাজার টাকা জমা দেওয়া নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। আসলে এক্ষেত্রে যে ধরনের আস্থা প্রয়োজন তা এখনও হয়নি। তবে এ কর্মসূচিকে আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।  

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এই স্কিমে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। স্কিমে চাকরিজীবী, শিক্ষকসহ সব পেশার মানুষ অংশ নিচ্ছেন না। এটি কেন হচ্ছে এবং মানুষের অনীহা কোথায় সেটি খতিয়ে দেখতে হবে।

আরও পড়ুন

×