তারুণ্যের উৎসব আয়োজন
কেনাকাটার দুই প্রস্তাব প্রত্যাহার করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ২৩:১৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ | ০৮:২৮
তারুণ্যের উৎসবের অংশ হিসেব ‘জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫’ এবং 'সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট' কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মূল্যসীমার ঊর্ধ্বে অতি জরুরি কার্য ও সেবা ক্রয়ে নীতিগত অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উপস্থাপনে এ সংক্রান্ত দুটি প্রস্তাব এজেন্ডাভুক্ত ছিল।
তবে আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সভাকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির বৈঠক হলেও শেষ পর্যন্ত এ দুই প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে নীতি প্রতিযোগিতা আয়োজন নিয়ে আগামীকাল বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মো. মাহবুব-উল -আলম।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাব বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, এ সংক্রান্ত প্রস্তাব দুটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সভার আলোচনা থেকে প্রত্যাহার করে নিয়েছে। প্রস্তাব দুটি নিয়ে সভায় আলোচনা জন্য প্রস্তুতকৃত সংক্ষিপ্ত প্রস্তাবনা সমকালের হাতে এসেছে।
প্রথম প্রস্তাবনায় বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ দূরদর্শী ও কার্যকর নীতি প্রস্তাবের মাধ্যমে তরুণদের রাষ্ট্রীয় চিন্তায় সম্পৃক্ত করা ও ক্ষমতায়ন সম্পর্কিত কার্যক্রম গ্রহণে ‘জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন হতে যাচ্ছে। জুলাই-ডিসেম্বর ২০২৫ মেয়াদে দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তরুণদের উৎসবের অংশ হিসেবে ‘জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫’ এর গুরুত্বপূর্ণ কার্যক্রম যথাসম্ভব দ্রুত শুরু করা প্রয়োজন। সে লক্ষ্যে এ কার্যক্রম সম্পাদনের জন্য দক্ষ ও অভিজ্ঞ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ আবশ্যক।
এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে উক্ত অনুষ্ঠান সংক্রান্ত জরুরি কার্য ও সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
দ্বিতীয় প্রস্তাবনায় বলা হয় তরুণদের উৎসবের অংশ হিসেবে যেসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হলো– ‘সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট’। এ কার্যক্রমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার প্রচার-প্রচারণার লক্ষ্যে বিভিন্ন থিমের ওপর মিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট করা হবে। সে লক্ষ্যে এ কার্যক্রম সম্পাদনের জন্য দক্ষ ও অভিজ্ঞ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ আবশ্যক। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে উক্ত অনুষ্ঠান সংক্রান্ত জরুরি কার্য ও সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে ইভেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘জানালা বাংলাদেশ লিমিটেড’-এর মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
দুই প্রস্তাবেই বলা হয়, এ আয়োজনের ব্যয় সরকারি অর্থে মেটানো হবে। তবে কত ব্যয় হবে, তা প্রস্তাবনায় উল্লেখ করা হয়নি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন নানা আয়োজন করা হচ্ছে।
এদিকে নীতি প্রতিযোগিতা আয়োজন নিয়ে বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মো. মাহবুব-উল–আলম।
- বিষয় :
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
