ব্লুমবার্গের টেকসই তালিকায় দেশের ১১ প্রতিষ্ঠান
.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ২৩:৪৫ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ | ০৮:১৮
ব্লুমবার্গের টেকসই তালিকায় যুক্ত হয়েছে ১১ বাংলাদেশি প্রতিষ্ঠান। পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) পরিপালনের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। গত বছর এ তালিকায় ছিল ১০টি প্রতিষ্ঠান। এবার সবচেয়ে বেশি নম্বর পেয়ে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স ও সিটি ব্যাংক। তালিকায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে সিটি ব্যাংক। আর আগের তালিকায় নাম থাকলেও এবার বাদ পড়েছে ম্যারিকো বাংলাদেশ।
উল্লেখ্য, ইএসজি রেটিং হচ্ছে কোনো কোম্পানি ব্যবসা করার সময় পরিবেশ, সমাজ আর সুশাসনের বিষয়ে কতটা দায়িত্বশীল থাকছে, তা পরিমাপের একটি পদ্ধতি। ব্লুমবার্গের ইএসজি রেটিং পাওয়া শীর্ষ ১১ প্রতিষ্ঠানের সবই পুঁজিবাজারে তালিকাভুক্ত। বিদেশি বিনিয়োগকারীরা পুঁজি খাটানোর ক্ষেত্রে ব্লুমবার্গের ইএসজি রেটিং গুরুত্বের সঙ্গে নেন। এবারের রিপোর্ট অনুযায়ী, গড়ে ৩ দশমিক ৮০ স্কোর পেয়ে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। গত বছর দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংকটি। আর গত বছর প্রথম অবস্থানে থাকা আইডিএলসি ফিন্যান্স এবার ৩ দশমিক ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে। এই তালিকায় প্রথমবারের মতো স্থান পাওয়া সিটি ব্যাংক ২ দশমিক ৬৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে। গত বছর তৃতীয় ছিল গ্রামীণ ফোন। এবারে ১ দশমিক ৮০ পয়েন্ট পেয়ে তাদের অবস্থান পঞ্চম।
লাফার্জ হোলসিম বাংলাদেশ ১ দশমিক ৯১ স্কোর নিয়ে এবার চতুর্থ অবস্থানে রয়েছে। গত বছর অবস্থান ছিল ষষ্ঠ। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ গত বছরের চতুর্থ থেকে এবার ১ দশমিক ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। বিএসআরএম স্টিল ১ দশমিক ৪১ পয়েন্ট পেয়ে সপ্তম। গত বছর তাদের অবস্থান ছিল দশম। মোবিল যমুনা বাংলাদেশ ১ দশমিক ৩২ পয়েন্ট পেয়ে গত বছরের মতোই অষ্টম অবস্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ১ দশমিক শূন্য ৫ পয়েন্ট নিয়ে রয়েছে আগের মতোই নবম অবস্থানে। ওয়ালটন বিডি শূন্য ৯৭ পয়েন্ট পেয়ে ১০ অবস্থানে নেমেছে। আগের বছর ছিল সপ্তম। একই স্কোর পেয়ে মার্কেন্টাইল ব্যাংক প্রথমবারের মতো এ তালিকায় ১১তম অবস্থানে নাম লিখিয়েছে।
- বিষয় :
- তালিকা
