ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এইচএসবিসির উদ্যোগে আলোচনা

বাংলাদেশকে লজিস্টিকস উন্নয়নে সহযোগিতা করতে চায় নরওয়ে

বাংলাদেশকে লজিস্টিকস উন্নয়নে সহযোগিতা করতে চায় নরওয়ে
×

.

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৩৬ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:২৮

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন বলেছেন, বাংলাদেশের জন্য কার্যকরি লজিস্টিকস খাত কেবল অগ্রাধিকার নয়, প্রয়োজন। এর জন্য সমুদ্র জ্ঞান, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে থাকার জন্য নরওয়ে সবসময় প্রস্তুত।

সম্প্রতি ঢাকায় তার বাসভবনে ‘নেভিগেটিং দ্য ফিউচার: দ্য ইভলভিং ল্যান্ডস্কেপ অব লজিস্টিকস ইন বাংলাদেশ’  শীর্ষক একটি আলোচনায় নরওয়ের রাষ্ট্রদূত এমন মন্তব্য করেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে নরওয়ে দুতাবাস,  এইচএসবিসি বাংলাদেশ এবং নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)। এইচএসবিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সেশনের শুরুতে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন। আরও বক্তব্য দেন এনসিসিআই সভাপতি ও গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ এবং এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম. মাসরুর রিয়াজ। প্যানেল আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সালেহ মোহাম্মদ মনিরুজ্জামান এবং  মার্স্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নিখিল ডি লিমা।

মূল প্রবন্ধে এম মাসরুর রিয়াজ বলেন, দ্রুত সংস্কার উদ্যোগ না নেওয়া হলে আগামী দশকে পর্যায়ক্রমে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) বা বিশেষ বাণিজ্য সুবিধা প্রত্যাহার শুরু হলে, বাংলাদেশ বৈশ্বিক ভ্যালু চেইনে প্রতিযোগিতামূলক অবস্থান হারাতে পারে। বর্তমানে বাংলাদেশের মোট বাণিজ্যের নব্বই শতাংশেরও বেশি পরিচালিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। ফলে সেখানে অতিরিক্ত চাপ সৃষ্টি  হচ্ছে। বাংলাদেশের লজিস্টিকস খরচ তুলনামূলকভাবে বেশি হলেও কিছু সূক্ষ পরিবর্তনের মাধ্যমে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব।

এম মাসরুর রিয়াজ উল্লেখ করেন, অবকাঠামো ও নীতিগত কিছু উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের লজিস্টিকস খরচ ২৫ শতাংশ কমানো গেলে রপ্তানি প্রায় ২০ শতাংশ বাড়তে পারে। জাতীয় মহাসড়কে নূন্যতম গতিবেগ কেবল ৪০ কি.মি/ঘণ্টা নিশ্চিত করলে রপ্তানি প্রায় ৪ শতাংশ বাড়তে পারে।

তানভীর মোহাম্মদ বলেন, বাংলাদেশ যেন তার গতি বৃদ্ধি বজায় রেখে উচ্চমানের বিনিয়োগ আকর্ষণ করতে পারে সেজন্য লজিস্টিকসকে বাণিজ্যের সহায়ক হিসেবে রূপান্তর করতে হবে। টেকসই সাপ্লাই চেইন এবং ডিজিটাল রূপান্তরে অভিজ্ঞতা থাকায় নর্ডিক কোম্পানিগুলো এ যাত্রায় অংশীদার হতে আগ্রহী।

মো. মাহবুব উর রহমান বলেন, বাংলাদেশের নেতৃস্থানীয় আন্তর্জাতিক ব্যাংক হিসেবে এইচএসবিসি বাংলাদেশ নর্ডিক করিডরের মধ্যে থাকা সমন্বয়গুলোকে সংযুক্ত করার জন্য প্রস্তুত। পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্যিক পরিস্থিতিতে লজিস্টিকস আমাদের ব্যবসার প্রতিযোগিতামূলক সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

×