জুলাইয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৬.৫২ শতাংশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৩৩ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৩৪
অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও উন্নতি নেই বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে। আলোচ্য মাসে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৫২ শতাংশ। আগের মাস জুনে যা ছিলো ৬ দশমিক ৪৯ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে গত ২২ বছরের যে তথ্য রয়েছে সাম্প্রতিক এই প্রবৃদ্ধি তার মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ফেব্রুয়ারিতে একবার প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ৮২ শতাংশে নেমেছিল। করোনাভাইরাসের মধ্যেও বেসরকারি খাতের প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশের ওপরে ছিলো।
সংশ্লিষ্টরা জানান, গতবছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রতি মাসেই ঋণ প্রবৃদ্ধি কমতে–কমতে এ পর্যায়ে নেমেছে। গত বছরের জুলাইতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিলো ১০ দশমিক ১৩ শতাংশ। সেখান থেকে কমে এ পর্যায়ে নামার মূল কারণ রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন কারণে ঋণ চাহিদা কমেছে। আবার বিগত সরকারের সময়ে যারা বড় অংকের ঋণ নিতো তাদের বেশিরভাগই পলাতক। সরকার পতনের পর তাদের অনেকেই খেলাপি হয়ে গেছে। যে কারণে খেলাপি ঋণ অনেক বেড়ে জুন শেষে পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমতে–কমতে গত ডিসেম্বরে ৭ দশমিক ২৮ শতাংশে নেমেছিল। পরের মাস জানুয়ারিতে আরও কমে ৭ দশমিক ১৫ শতাংশ হয়। আর ফেব্রুয়ারিতে নেমে যায় ৬ দশমিক ৮২ শতাংশে। সেখান থেকে বৃদ্ধি কমার মধ্যে গত মে মাসে প্রবৃদ্ধি দাঁড়ায় ৭ দশমিক ১৭ শতাংশ। এর আগে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে ব্যবসা–বাণিজ্যে স্থবিরতা নেমে আসে। ওই সময় ঋণ চাহিদা তেমন ছিলো না। এরপরও সাড়ে ৭ শতাংশের নিচে নামেনি। সাম্প্রতিক সময়ের আগে ২০২১ সালে মে মাসে ঋণ প্রবৃদ্ধি কমে ৭ দশমিক ৫৫ শতাংশে নেমেছিল। পরের মাসে আবার বেড়ে ৮ দশমিক ৩৫ শতাংশে উঠেছিলো।
- বিষয় :
- বেসরকারি খাত
- ঋণ
- প্রবৃদ্ধি
