বিল-বন্ডে কমলেও আমানতের সুদহার ঊর্ধ্বমুখী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৪৭
আস্থাহীনতার কারণে প্রত্যাশিত আমানত পাচ্ছে না অনেক ব্যাংক। তারা উচ্চ সুদ দিয়ে আমানত আনার চেষ্টা করছে। বাজারে সার্বিক তারল্য পরিস্থিতির উন্নতির কারণে সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদহার দ্রুত কমছে। সরকারি সিকিউরিটিজে দীর্ঘদিন ১২ শতাংশের ওপরে থাকা সুদ কমে এখন ১০ শতাংশের ঘরে নেমেছে। তবে কোনো কোনো ব্যাংকে আমানতের সুদ আগের চেয়ে বেড়েছে। সরকারি-বেসরকারি ৩০টি ব্যাংকের আমানতের সুদ এখনও দুই অঙ্কের ওপরে।
সংশ্লিষ্টরা জানান, বেসরকারি খাতের কোনো কোনো ব্যাংক এখন আমানতে ১২ শতাংশের বেশি সুদ দিচ্ছে। কিছু ব্যাংক আমানতকারীর অর্থ যথাসময়ে ফেরত দিতে না পারার বিষয়টি জানাজানির পর থেকে সঞ্চয়কারীদের মধ্যে সচেতনতা বেড়েছে। আমানতকারীদের একটি অংশ এসব ব্যাংক থেকে টাকা তুলে সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত সরকারি ট্রেজারি বিল ও বন্ডে রাখছে। যে কারণে ভালো অবস্থানে থাকা কয়েকটি ব্যাংক ছাড়া অন্যরা উচ্চ সুদ দিয়েও সেভাবে আমানত পাচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টে এক বছরের বেশি মেয়াদি আমানতে ব্যাংকগুলো গড়ে ৯ দশমিক ৭০ শতাংশ সুদ দিয়েছে। আগের মাস জুলাই শেষে যা ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলো গত আগস্টে এক বছরের বেশি মেয়াদি আমানত নিয়েছে গড়ে ৯ দশমিক ৪৪ শতাংশ সুদে। আগের মাসে যা ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ। বিশেষায়িত ব্যাংকের সুদহার ৮ দশমিক ৪৮ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৪৬ শতাংশে নেমেছে। বেসরকারি ব্যাংকের এক বছরের বেশি মেয়াদি আমানতে আগস্টে গড় সুদহার উঠেছে ৯ দশমিক ৯১ শতাংশে। আগের মাস শেষে যা ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। বিদেশি ব্যাংকের আগের মাসের ৭ দশমিক শূন্য ৮ শতাংশ থেকে বেড়ে আগস্টে ৭ দশমিক ২৩ শতাংশ হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগ স্থবিরতার কারণে ঋণ চাহিদা কমেছে। এর মধ্যে রেমিট্যান্সে উচ্চপ্রবাহ এবং বিদেশি ঋণ বাড়ার কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে উদ্বৃত্ত ডলার কিনে নিচ্ছে। চলতি অর্থবছরের এ পর্যন্ত ১৭৪ কোটি ডলারের বেশি কিনে বাজারে ছেড়েছে প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা। উদ্বৃত্ত থাকা ব্যাংকগুলোও সরকারি সিকিউরিটিজে টাকা রাখছে। চাহিদার তুলনায় প্রায় প্রতি নিলামে বেশি আবেদন আসছে। যে কারণে সুদহার কমাচ্ছে সরকার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে ৯১ দিন মেয়াদি বিলে ১১ দশমিক ৯৪ এবং ১৮২ দিন মেয়াদি বিলে ১১ দশমিক ৯৮ শতাংশ সুদ ছিল। আগস্টে তা কমে ১০ দশমিক ১৩ এবং ১০ দশমিক ৩২ শতাংশে নেমেছে। আর এক বছর মেয়াদি বিলের সুদহার ১২ দশমিক শূন্য ১ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৩০ শতাংশে নেমেছে। একইভাবে সব ধরনের বন্ডের সুদহার কমে আসছে। গত জুনের দুই বছর মেয়াদি বন্ডের সুদহার ১২ দশমিক ২০ শতাংশ ছিল। আগস্টে যা ১০ দশমিক ১৪ শতাংশে নেমেছে। আর সর্বোচ্চ মেয়াদি বন্ডের সুদহার ১০ দশমিক ২১ শতাংশে নেমেছে। গত জুনে যা ছিল ১২ দশমিক ৪৪ শতাংশ।
- বিষয় :
- ট্রেজারি বিল
