ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংবাদ সম্মেলনে সচেতন ব্যবসায়ী ফোরাম

এস আলমের পাচার করা অর্থ দ্রুত ফেরত আনতে হবে

এস আলমের পাচার করা অর্থ  দ্রুত ফেরত আনতে হবে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ০৮:০৪

| প্রিন্ট সংস্করণ

ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বরখাস্ত এবং ব্যাংকটি থেকে এস আলম গ্রুপের পাচার করা অর্থ ফেরত আনার দাবি জানিয়েছে সচেতন ব্যবসায়ী ফোরাম। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ফোরামের নেতারা। গতকাল বৃহস্পতিবার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান। এতে উপস্থিত ছিলেন হকস বে-এর চেয়ারম্যান ও বারভিডার সভাপতি আব্দুল হক, বারভিডার উপদেষ্টা ও নিউ অটো গ্যালারির প্রোপ্রাইটর নজরুল ইসলাম আলাম,  শিল্পোদ্যোক্তা আল মামুন প্রমুখ।

মুস্তাফিজুর রহমান বলেন, ইসলামী ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে দেশের অন্যতম সেরা ব্যাংকে পরিণত হয়। কিন্তু ২০১৭ সালের ৫ জানুয়ারি এস আলম গ্রুপ  রাষ্ট্রযন্ত্রের প্রভাবে ব্যাংকটির চেয়ারম্যান ও এমডিকে পদত্যাগে বাধ্য করে এবং বোর্ড দখল করে নেয়। গ্রুপটি ব্যাংকের তহবিল থেকে নামে-বেনামে এক লাখ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে। 

তিনি আরও বলেন, এস আলম গ্রুপ ব্যাংকের মানবসম্পদ খাতেও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কোনো বিজ্ঞাপন বা পরীক্ষার মাধ্যমে নয়, বরং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আট হাজার ৩৪০ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আব্দুল হক বলেন, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ওরফে এস আলম পালিয়ে যাওয়ার এক বছরেরও বেশি সময় পার হলেও ব্যাংক কর্তৃপক্ষ মানবিক কারণে এখনও অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বরখাস্ত করেনি। সম্প্রতি দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ না নিয়ে এসব কর্মকর্তা ব্যাংকের প্রতি অবাধ্যতা প্রকাশ করেছেন এবং অপপ্রচার চালাচ্ছেন– যা ব্যাংকের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। 
বক্তারা দাবি করেন, ইসলামী ব্যাংকের
৮২ শতাংশ শেয়ার এখনও এস আলমের মালিকানায় রয়েছে। বাংলাদেশ ব্যাংক তা জব্দ করলেও এখনও লিকুইডেশন প্রক্রিয়া শুরু করেনি, যা রহস্যজনক।

আরও পড়ুন

×