শ্রম আইন এখন আন্তর্জাতিক মানের: শ্রম উপদেষ্টা
ড. এম সাখাওয়াত হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ০৮:২৮
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিত করতে শ্রমআইন সংশোধন করেছে বাংলাদেশ। সংশোধনীতে শ্রম অধিকার সম্পর্কিত যুক্তরাষ্ট্রের ১১ দফা সুপারিশ, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পথনকশা ও ইউরোপীয় ইউনিয়নের অ্যাকশন প্ল্যান অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা সফররত জার্মানির পার্লামেন্ট মেম্বার বরিস মিজাটোভিকের সঙ্গে বৈঠকে সদ্য সংশোধিত শ্রম আইন সম্পর্কে এসব কথা বলেন তিনি। গতকাল রোববার সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ারা বেগম, ঢাকায় জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত রুডিজার লোটজ,
গবেষণা সহকারী ক্যাথরিন ব্যানেটেল এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শিশুশ্রম বন্ধে আইএলওর কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুস্বাক্ষর করছে। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে কনভেনশন ১৯০ সম্প্রতি অনুস্বাক্ষর করছে। এ তিনটি কনভেনশন অনুস্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হলো।
উপদেষ্টা শ্রমিক অধিকার রক্ষা, শোভন কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য নিশ্চিতকরণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় তিনি জার্মান পার্লামেন্ট মেম্বারদের মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতা ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইইউ পার্লামেন্টে জোরালো ভূমিকার অনুরোধ জানান।
- বিষয় :
- শ্রম উপদেষ্টা
