এবার সমাজকল্যাণ প্রশিক্ষণে ভাতা বাড়ানোর প্রস্তাব
অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
এবার সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সম্মানী ও ভাতা ৪৪ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব এসেছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদ এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে। সম্প্রতি কয়েক দফায় বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাড়িয়েছে সরকার।
সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রশিক্ষকদের ক্ষেত্রে যুগ্ম সচিব ও এর উচ্চ পর্যায়ের কর্মচারীদের জন্য প্রতি ঘণ্টার সেশনে সম্মানী আড়াই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ৬০০ টাকা করার প্রস্তাব করেছে। একই সঙ্গে উপসচিব ও এর নিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার করা হয়েছে। এছাড়া প্রশিক্ষণার্থীদের দৈনিক ভাতা জনপ্রতি দ্বিগুণ করে এক হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া বিভাগ অনুযায়ী প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রতি ক্ষেত্রে ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে এ ভাতা ঢাকা ও ময়মনসিংহে দেড় হাজার টাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে আড়াই হাজার টাকা এবং চট্টগ্রাম, সিলেট ও বরিশালে তিন হাজার টাকা। প্রশিক্ষণার্থীদের চা, সকালের নাশতা ও দুপুরের খাবার বাবদ বরাদ্দ ৫০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা করার প্রস্তাব এসেছে। অনলাইনে প্রশিক্ষণ ভাতা ৩০০ টাকা বাড়িয়ে ৫০০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এতদিন প্রশিক্ষণকালীন নিজস্ব ডরমিটরি পরিচালনার জন্য ডরমিটরি সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্টের কোনো সম্মানী ছিল না। প্রস্তাবে এ ক্ষেত্রে যথাক্রমে এক হাজার ২০০ এবং ৬০০ টাকা করে সম্মানী দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া কোর্স পরিচালক, সমন্বয়কারী ও সাপোর্ট স্টাফদের বিভিন্ন হারে সম্মানী বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেত্রে সম্মানী ও ভাতা বাড়ানো হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে সমাজল্যাণ-সংক্রান্ত প্রশিক্ষণে ভাতার হার বাড়ানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় এ প্রস্তাব পাঠিয়েছে। এ প্রস্তাব পর্যালোচনা করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত আগস্ট ও সেপ্টেম্বরে দুই দফায় প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের প্রশিক্ষক সম্মানী এবং প্রশিক্ষণার্থীদের ভাতার হার ৫০ শতাংশ থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরকারি কর্মচারীদের ভাতা বেড়েছে ২০ থেকে ৪২ শতাংশ। এর আগে ও পরে আরও কিছু ক্ষেত্রে ভাতা বাড়ানো হয়েছে।
- বিষয় :
- সমাজকল্যাণ মন্ত্রণালয়
