ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বহিষ্কারের আড়াই বছর পর আবারও বাজুসের সভাপতি এনামুল হক খান দোলন

বহিষ্কারের আড়াই বছর পর আবারও বাজুসের সভাপতি এনামুল হক খান দোলন
×

সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল। ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১৪:৩৫ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ | ১৫:২০

বহিষ্কারের আড়াই বছরের মাথায় ফের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পরিচালনা পর্ষদের সভাপতি হলেন এনামুল হক খান দোলন। তিনি ২০২৫-২৭ মেয়াদে সংগঠনকে নেতৃত্ব দেবেন। গত ৩০ অক্টোবর বাজুসের দুই বছর মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি পদে নির্বাচিত হন। এনামুল হক খান দোলন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের মালিক। এর আগেও তিনি এক মেয়াদে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন।

আজ সোমবার রাজধানীর নিউ স্কাটন রোডে বাজুসের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল।

এ সময় তিনি বলেন, ঘোষিত তপশিল অনুয়ায়ী সভাপতি পদে একজন, সিনিয়র সহসভাপতি পদে একজন, সহসভাপতি পদে তিন জন কোষাধ্যক্ষ পদে এক জন ও পরিচালক পদে ২৯ জন বৈধ প্রার্থীদের মধ্যে থেকে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর ২৪(১) ধারা মোতাবেক বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় ৩৫ প্রার্থীর সবাইকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

অন্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে সানন্দা জুয়েলার্সের মালিক রণজিৎ ঘোষ, সহসভাপতি পদে আপন ডায়মন্ড হাউজের স্বত্বাধিকারী আজাদ আহমেদ, জড়োয়া হাউজের স্বত্বাধিকারী অভি রায়, জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মালিক ইকবাল হোসেন চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে নিউ ফেন্সী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ নির্বাচিত হন। সংগঠনটির সাধারণ সম্পাদক এখন থেকে আর কেউ থাকবেন না। ফলে সাধারণ সম্পদ পদে কেউ নির্বাচিত হননি। বাজুস প্রতিষ্ঠার পর এই প্রথম সাধারণ সম্পদ পদ বিলুপ্ত করা হলো।

এর আগে ২০২৩ সালের ১১ এপ্রিল বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক খান দোলনকে সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত সব পদ থেকে বহিষ্কার করা হয়। তখন বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। তবে কী কারণে তাকে বহিষ্কার করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি বাজুস। প্রায় আড়াই বছর পর আবারও তিনি বাজুসের সভাপতি নির্বাচিত হলেন।

আজ নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন সভাপতি এনামুল হক দোলন বলেন, দলমত নির্বিশেষে সবাই আমাকে সমর্থন দিয়েছে। বাজুস যেন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তিনি সেই চেষ্টা করবেন। এ জন্য সবার সহযোগিতা চান তিনি।

স্বর্ণ আমদানি সহজ করার দাবি জানিয়ে এনামুল হক খান বলেন, জুয়েলারী ব্যবসায়ীরা চোরাকারবারি নয়। ব্যবসা আর চোরাকারবারি দুইটা দুই জগত। যারা চোরাকারবারি করে তারা কখনও স্বর্ণ ব্যবসায় আসবে না।

এ সময় তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত সহজে স্বর্ণ আমদানি করা যাবে না ততদিন ব্যাগেজ রুলের আওতায় স্বর্ণ সংগ্রহ করা হবে। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।

সংবাদ সম্মেলনে নাসরিন ফাতেমা আউয়াল বলেন, একসময় দেশেই সব জুয়েলারি তৈরি হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ গহনা বিদেশ থেকে কিনে আনেন। ভবিষ্যতে দেশেই তৈরি হবে উন্নত মানের গহনা এবং মানুষও এসব গহনা কিনবে বলে প্রত্যাশা করেন তিনি। 

সংবাদ সম্মেলনে নতুন কমিটির পরিচালক ও সাবেক পরিচালকীা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×