ফাহমি গ্রুপের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ০৯:৪৭
রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংকের ২৩৬ কোটি ৪২ লাখ টাকার খেলাপি ঋণের মামলায় ফাহমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোতাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী দিলশান আরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকার অর্থঋণ আদালত-৫-এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, জনতা ব্যাংকের বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ শাখায় ফাহমি গ্রুপের দুই প্রতিষ্ঠানের ঋণ বেশ আগেই খেলাপিতে পরিণত হয়। খেলাপি ঋণ আদায়ে ২০২২ সালে অর্থঋণ আদালতে মামলা করে ব্যাংক। এরপরও ঋণ পরিশোধ করেননি গ্রাহক। সুদসহ বর্তমানে ফাহমি নিটওয়্যারের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৫৭ কোটি ৩৫ লাখ টাকা। আর ফাহমি ট্রাউজারসের খেলাপি ৭৯ কোটি ৭ লাখ টাকা।
এ দুটি প্রতিষ্ঠান ছাড়াও গ্রুপটির মোট ১৪টি প্রতিষ্ঠান রয়েছে। এখন তাদের সম্পদ নিলামে তুলে বিক্রির মাধ্যমে জনতা ব্যাংক পাওনা আদায়ের ব্যবস্থা নেবে। ফাহমি গ্রুপের এমডি মোতাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী দিলশান আরা বিপুল অঙ্কের খেলাপি ঋণ রেখে যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য এ আদেশ দিয়েছেন আদালত।
বিগত সরকারের সময়ে ঋণখেলাপির বিরুদ্ধে নানা শিথিলতা ছিল। অনেক খেলাপি ঋণ ছিল আড়ালে। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করেছে। যে কারণে এরই মধ্যে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে পাঁচ লাখ ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩০ শতাংশের বেশি।
