একনেকে ১৭ প্রকল্প অনুমোদন
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের জন্য ২৩৬৪ ফ্ল্যাট
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের অবহিত করছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি-পিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ২১:০৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের স্থায়ী বাসস্থানের উদ্দেশ্যে পৃথক দু্ইটি আবাসন প্রকল্প নির্মাণ করা হচ্ছে রাজধানীর মিরপুরে। এর মধ্য শহীদ পরিবারের জন্য মিরপুর ৯ নং সেকশন ‘৩৬ জুলাই' প্রকল্পে বিভিন্ন আকারের মোট ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। অন্যদিকে আন্দোলনে আহত কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের জন্য ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ কর হচ্ছে। বিনামূল্যে এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
সোমবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি–একনেক বৈঠক এই দুইটি প্রকল্পসহ মোট ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে ব্যয় ধরা হয় ১৫ হাজার ৩৮৪ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থ ৯ হাজার ৪৫২ কোটি টাকা। বিদেশি ঋণ ৫১০ কোটি টাকা। বাকি ৩৭৯ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব যোগান। রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদসহ অন্যান্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের জন্য ৮০৪টি ফ্ল্যাট
গত বছর জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের মানসম্মত আবাসনের উদ্দেশ্যে এসব পরিবারের মাঝে মোট ৮০৪টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। রাজধানীর মিরপুর হাউজিং এস্টেটের ১৪নং সেকশনে মিরপুর পুলিশ লাইন সংলগ্ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জায়গায় এসব ভবন নির্মাণ করা হবে। ৫ একরের বেশি জায়গায় ১৮টি ভবনে মোট ১ হাজার ৩৫৫ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণ করা হবে। ভবনগুলোতে গণপূর্ত অধিদপ্তরের ডিজাইন মোতাবেক ভূমিকম্প সহনীয় করে নির্মাণ করা হবে। আগামী মাসেই প্রকল্পটির কাজ শুরু হবে। শেষ হবে আগামী ২০৩০ সালে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের ব্যয় ধরা হয় ৭৬১ কোটি ১৬ লাখ টাকা। এর আগে বিভিন্ন খাতে ব্যয়ের অসঙ্গতির অভিযোগ ওঠায় প্রকল্পটি একনেক থেকে ফেরত দেওয়া হয়। তখন প্রকল্পটি অধিকতর যাচাই করে যৌক্তিকভাবে ব্যয় নির্ধারণের পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শের ভিত্তিতে ডিপিপি পুনর্গঠন করা হয়।
আহতদের জন্য ১ হাজার ৫৬০ আবাসিক ফ্ল্যাট
‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান উদ্দেশে ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ নামের প্রকল্পটির মাধ্যমে এক হাজার ৫৬০টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। মিরপুর হাউজিং এস্টেটে মিরপুর ডিওএইচএস সংলগ্ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ১৫টি ভবনে এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রতি ফ্ল্যাট হবে ১ হাজার ২৫০ বর্গফুট আয়তনের। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৪৪ কোটি ৪২ লাখ টাকা। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে এ বছরের জুন থেকে আগামী ২০২৯ সালের জুলাই পর্যন্ত।
