ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিরাপত্তায় তেমন ঘাটতি নেই বিনিয়োগ পরিবেশও স্বাভাবিক

নিরাপত্তায় তেমন ঘাটতি নেই বিনিয়োগ পরিবেশও স্বাভাবিক
×

শেখ বশিরউদ্দীন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৬ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ১২:৪৭

| প্রিন্ট সংস্করণ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে নিরাপত্তায় তেমন কোনো ঘাটতি নেই। বিনিয়োগ পরিবেশও স্বাভাবিক রয়েছে। গতকাল সোমবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা’-এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এবারই প্রথমবার গ্লোবাল সোর্সিং এক্সপোর আয়োজন করা হচ্ছে। এ আয়োজনে আরও বেশিসংখ্যক বিদেশি ক্রেতাদের অংশগ্রহণ আশা করা হয়েছিল। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগসহ নানা কারণ দেখিয়ে কিছুসংখ্যক ক্রেতা দেশে আসতে চাননি। আবার অনেকেই বলেছেন, নির্বাচনের পর আসবেন।

মোহাম্মদ হাতেমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান শেষে নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা– বাণিজ্য উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে নিরাপত্তার তেমন কোনো ঘাটতি নেই। বিনিয়োগ পরিবেশও স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা ছড়ানো হচ্ছে।  

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে রয়েছে। এই মাইলফলক আমাদের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি নতুন চ্যালেঞ্জও নিয়ে এসেছে। বর্তমানের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা এবং ছাড় ধীরে ধীরে হারাতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব বাণিজ্যে রপ্তানি প্রবৃদ্ধি টেকসই করতে পণ্য বৈচিত্র্যময় করা, সরবরাহ ক্ষমতা বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক দূত ড. লুৎফে সিদ্দিকী। এতে আরও বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান প্রমুখ।

ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করাই প্রদর্শনীর লক্ষ্য। প্রদর্শনীতে ১১টি বিদেশি কোম্পানিসহ মোট ১৬৫টি স্টল অংশ নিচ্ছে।

সোর্সিং এক্সপোতে বাংলাদেশের আটটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের পণ্য প্রদর্শন করা হচ্ছে। খাতগুলো হচ্ছে– তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, হোম ডেকর ও ফার্নিচার, ওষুধ ও তথ্যপ্রযুক্তি। 

আরও পড়ুন

×