ডিএসইর এমডি হচ্ছেন নুজহাত আনোয়ার
নুজহাত আনোয়ার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন নুজহাত আনোয়ার। তিনি এর আগে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। এমডি পদে তিনজনের নাম প্রস্তাব আকারে পাঠালে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তাঁর নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে লিখিত অনুমোদন পাওয়ার তথ্য নিশ্চিত করেছে স্টক এক্সচেঞ্জ।
নুজহাত আনোয়ারের দুই দশকেরও বেশি সময়ে আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে। আইএফসিতে যোগ দেওয়ার আগে তিনি প্রায় ১৬ বছর বহুজাতিক ব্যাংক সিটি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদে আবেদনের আগে তিনি আইএফসির আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আইএফসিতে দায়িত্ব পালনকালে তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপালের সিনিয়র কান্ট্রি অফিসার এবং অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
এর আগে নুজহাত আনোয়ার আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে বতসোয়ানা ও নামিবিয়াতেও কাজ করেন। সে সময় গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নুজহাত আনোয়ার মূলধন ব্যবস্থাপনা, তহবিল ও তারল্য ব্যবস্থাপনা, লেনদেন সংক্রান্ত সেবা, বিনিয়োগ পোর্টফোলিওর সর্বোত্তম ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণমূলক কার্যক্রমে বিশেষভাবে অভিজ্ঞ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে মাস্টার্স অব কমার্স (এম কম) ডিগ্রি অর্জন করেন।
- বিষয় :
- ডিএসই
