ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পরীক্ষা করবে এনবিআরের কমিটি

বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে চায় ৬৪ ব্যবসা প্রতিষ্ঠান

বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে চায় ৬৪ ব্যবসা প্রতিষ্ঠান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৭:১৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১০:২১

| প্রিন্ট সংস্করণ

ব্যবসার লেনদেনের তথ্য সংরক্ষণের জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহারের অনুমোদন চেয়েছে ৬৪টি ব্যবসা প্রতিষ্ঠান। চলতি বছরের শেষদিকে ৬৩টি প্রতিষ্ঠান ও গত বছর একটি প্রতিষ্ঠান সফটওয়্যার ব্যবহারের অনুমোদন চেয়ে সংশ্লিষ্ট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে চিঠি দিয়েছে। সফটওয়্যার পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে সফটওয়্যারের মান যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, আমদানিকারক কিংবা উৎপাদনকারী পাইকারি বা খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের বেচাকেনা বছরে পাঁচ কোটি টাকা পেরিয়ে গেলেই ভ্যাট হিসাব করার জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেখানে প্রতিটি লেনদেনের তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যার ব্যবহারের আগে তা এনবিআরের কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হয়। ২০১৯ সাল থেকে এ ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে।

সফটওয়্যার ব্যবহারের অনুমোদন চাওয়ার তালিকায় রয়েছে জারা এন্টারপ্রাইজ, আনাবিয়া এন্টারপ্রাইজ, মনজা ট্রেডিং, ট্রাস্ট ইন্টারন্যাশনাল, মিজাকি ট্রেডিং, আনোয়ারা করপোরেশন, ইউনিক অটো, ট্রাস্ট করপোরেশন, ভার্সাটাইল ট্রেডিং ইন্টারন্যাশনাল, নীলা ট্রেডার্স, জাপান মোটরস, এসকে কার্গো, স্কাই ট্রি, এনএন অটোমোবাইলস, এম্পায়ার এন্টারপ্রাইজ, ইউনিভার্সাল এন্টারপ্রাইজ, আসাদ ট্রেডার্স, মডার্ন অটো সলিউশন, আজাদ ট্রেডিং তেজগাঁও, সীন অ্যান্ড সামির ইন্টারন্যাশনাল, এহসান এন্টারপ্রাইজ, আরআর ইন্টারন্যাশনাল, হুইলস ইনকরপোরেশন, সামারা অ্যান্ড সাহিরা অটোমোবাইলস ইত্যাদি। 

প্রতিষ্ঠানগুলো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম, চট্টগ্রাম, খুলনার অধীনে রয়েছে। এদের মধ্যে ৪৩টি প্রতিষ্ঠান বকতিয়ার আহমেদ রনি অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের সফটওয়্যার ব্যবহারের জন্য চিঠি দিয়েছে। এ ছাড়া ছয়টি প্রতিষ্ঠান টেকনোহ্যাভেন কোম্পানির, চারটি প্রতিষ্ঠান ইউওয়াই সিস্টেমের, তিনটি প্রতিষ্ঠান নাস্সিনিয়ার ও একটি প্রতিষ্ঠান সিম্ফোনিয়া সফটেক কোম্পানির সফটওয়্যার ব্যবহারের জন্য অনুমোদন চেয়েছে। সাতটি প্রতিষ্ঠান নিজস্ব তৈরি সফটওয়্যার ব্যবহারের জন্য আবেদন করেছে। প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে সফটওয়্যারগুলো স্থাপন করেছে। 
সফটওয়্যারগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ছয় সদস্যের কমিটিকে গত ৯ ডিসেম্বর চিঠি দিয়ে কমিটিকে ১৫ দিনের মধ্যে এসব সফটওয়্যার পর্যবেক্ষণ ও সুপারিশের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে এনবিআরের মূসক বিভাগের এক কর্মকর্তা সমকালকে বলেন, ভ্যাট ফাঁকি রোধে বিশেষ সফটওয়্যার ব্যবহার করার নির্দেশনা আছে। সফটওয়্যারগুলোর মান যাচাই করে কমিটি প্রতিবেদন দেওয়ার পর ব্যবসায়ীদের স্থাপন করা সফটওয়্যার ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। 

আরও পড়ুন

×