ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এখনও ঠিক হয়নি কমোডিটি এক্সচেঞ্জের পণ্য তালিকা 

বিএসইসির সঙ্গে স্টক এক্সচেঞ্জের বৈঠক

এখনও ঠিক হয়নি কমোডিটি এক্সচেঞ্জের পণ্য তালিকা 
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১১:২৪ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১১:৩০

কমোডিটি এক্সচেঞ্জ পরিচালনার জন্য এক বছর আগে লাইসেন্স দেওয়া হলেও এ এক্সচেঞ্জে কী কী পণ্য কেনাবেচা হবে সে বিষয়ে এখনও একমত হতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। স্টক এক্সচেঞ্জটি স্বর্ণ, রুপার পাশাপাশি অপরিশোধিত পাম অয়েল পণ্য নিয়ে কার্যক্রম শুরু করেত চায়। এগুলোকে সংবেদনশীল পণ্য দাবি করে অন্য পণ্য তালিকার প্রস্তাব দিতে বলেছে বিএসইসি।

গতকাল রোববার এ বিষয়ে সিএসই কর্তৃপক্ষের সঙ্গে বিএসইসির বৈঠক মতৈক্য ছাড়া শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সংস্থার কমিশনাররা এবং সিএসইর পক্ষে চেয়ারম্যান হাবিবুর রহমানসহ পর্ষদ সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক বৈঠকে অংশ নেন।

জানা গেছে, কমোডিটি এক্সচেঞ্জের জন্য ব্রোকার অনুমোদন দুই মাস ঝুলে থাকার বিষয়টি উত্থাপন করে সিএসই। বিএসইসি বলেছে, ব্রোকার লাইসেন্স প্রদান যাচাই-বাছাই হচ্ছে। কৌশলগত বিনিয়োগকারীর ধারণ করা শেয়ার সমন্বয়ের তাগিদ দিয়েছে বিএসইসি। 

এদিকে সিএসইর পক্ষে বৈঠক শেষে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসইর পর্ষদের সঙ্গেও বৈঠক করেছে বিএসইসি। এতে স্টক এক্সচেঞ্জটির চেয়ারম্যান মমিনুল ইসলামসহ কয়েকজন পরিচালক এবং স্টক এক্সচেঞ্জটির নবনিযুক্ত এমডি নুজহাত আনোয়ার যোগ দেন।

বৈঠক সূত্র জানায়, কমিশনের সঙ্গে যোগাযোগ বা কাজে কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চান বিএসইসির শীর্ষ কর্মকর্তারা। ডিএসইর পক্ষ থেকে বলা হয়, মৌখিক আদেশে তথ্য চাওয়া বা কর্মকর্তা বদল করতে বলা হচ্ছে। তাছাড়া স্টক এক্সচেঞ্জের ভূমিকা এখনও ‘পোস্ট অফিস’-এর মতো। এর জবাবে বিএসইসি বলেছে, ভবিষ্যতে মৌখিকভাবে তথ্য চাওয়া হবে না। আইপিও অনুমোদনে স্টক এক্সচেঞ্জের মতামত প্রাধান্য দিয়ে এর ভূমিকা বাড়ানো হচ্ছে। 

সূত্র জানায়, দু্ই পর্ষদের বৈঠকের পর ব্যবস্থাপনা বিভাগের সঙ্গেও আলাদা বৈঠক করে বিএসইসি।

আরও পড়ুন

×