আখের মূল্য পরিশোধে ৩৩০ কোটি টাকা চায় বিএসএফআইসি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১১:৩৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১২:০৭
নিজস্ব অর্থে চাষিদের আখের দাম পরিশোধ করতে পারছে না বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি)। তাই এ সংস্থার চিনিকলের অনুকূলে চলতি ২০২৫-২৬ অর্থবছরে চাষিদের আখের দাম পরিশোধ বাবদ বাজেট থেকে প্রায় ৩৩০ কোটি টাকা চাওয়া হয়েছে।
এর বিপরীতে ইতোমধ্যে দুই দফায় ১৫০ টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বাকি অর্থ চেয়ে আবার অর্থ বিভাগে চিঠি দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, চলতি ২০২৫-২৬ মাড়াই মৌসুমের সর্বশেষ ফলন জরিপ অনুযায়ী, চালু থাকা ৯টি মিলের মধ্যে কেরু অ্যান্ড কোং বাদে আটটি চিনিকলে মোট ৭ লাখ ৬৭ হাজার ৫০০ টন আখ মাড়াইয়ের জন্য পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এসব আখের দাম পরিশোধে অর্থ বিভাগ চলতি অর্থবছরে দুই দফায় ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ দিয়ে আখের দামের মাত্র ৩১ শতাংশ পরিশোধ করা সম্ভব। তাই চলতি অর্থবছরে বাকি অর্থ বরাদ্দ দেওয়ার অনুরোধ করা হয়েছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, বিএসএফআইসির আয় থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনার নিয়ম। তবে প্রতিষ্ঠানটি লোকসানে থাকায় ‘পরিচালন ঋণ’ হিসেবে এ খাতে বরাদ্দ দেওয়া হয়। ২০ বছরে (পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষাণ্মাসিক কিস্তিতে ঋণ পরিশোধের শর্ত দেওয়া হয়েছে। সরকারের আর্থিক সংকটের কারণে এবার দুই দফায় ১৫০ কোটি টাকা দেওয়া হয়েছে।
এদিকে শিল্প মন্ত্রণালয় বলছে, দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো অনেক পুরোনো। অনেক চিনিকলের যন্ত্রপাতি জরাজীর্ণ হয়ে পড়েছে। মেরামত, প্রতিস্থাপন ও সংস্কার ছাড়া চিনিকলগুলোকে লাভজনক করা সম্ভব নয়। এ ছাড়া চিনিকলগুলোর উৎপাদিত পণ্যের বহুমুখীকরণও অত্যাবশ্যক হয়ে পড়েছে।
- বিষয় :
- আখ
- বিএসএফআইসি
- মূল্য পরিশোধ
