নিরীক্ষকের পর্যবেক্ষণ
মিরাকল ইন্ডাস্ট্রিজের পণ্যের একমাত্র ক্রেতা বিসিআইসি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৭:২৪
| প্রিন্ট সংস্করণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের পুরো ব্যবসা বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)সঙ্গে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত হিসাব বছরে ৩৫ কোটি টাকা বিক্রির একমাত্র ক্রেতা ছিল বিসিআইএসি। বিসিআইসি কোম্পানিটির ২০ শতাংশ শেয়ারেরও মালিক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী নিরীক্ষা প্রতিষ্ঠান এস.এফ. আহমেদের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির ৩৫ কোটি টাকার টার্নওভার পুরোপুরি বিসিআইসি থেকেই এসেছে। মিরাকল ইন্ডাস্ট্রিজ মূলত পলিপ্রোপাইলিন ওভেন ব্যাগ, ওয়্যারহাউসিং প্যাকেজিং এবং ফ্লেক্সিবল ইন্টারমিডিয়েট বাল্ক কনটেইনার উৎপাদন করে। এসব পণ্য সার, রাসায়নিক ও শিল্পখাতে ব্যবহৃত হয়। বিসিআইসির বিভিন্ন কারখানায় এসব পণ্য সরবরাহ করা হয়।
আর্থিক বিবরণী অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে যেখানে কোম্পানির বিক্রি ছিল ৩৫ কোটি টাকা, সেখানে উৎপাদন খরচ ছিল ৩৬ কোটি টাকা। এর সঙ্গে যোগ হয়েছে সুদ ব্যয় সাড়ে ৫ কোটি টাকা। দীর্ঘ সময় উৎপাদন কার্যক্রম বন্ধ বা সীমিত থাকার প্রভাবও আর্থিক চাপে ভূমিকা রেখেছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইউনিট-১ পুরোপুরি বন্ধ ছিল। এর কারণ হিসেবে করোনাভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন এবং ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাবকে দায়ী করেছে। এছাড়া ব্যাংকিং সুবিধা ও কার্যকর মূলধনের অভাবে ইউনিট-২ আংশিক বা সীমিত উৎপাদন হয়েছে।
কোম্পানির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে কারখানা সংস্কার ও রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদন পুনরায় শুরু হলেও ২০২৪ সালের ৬ জুন পর্যন্ত ব্যাংকিং
সুবিধা না থাকায় উৎপাদন ও বিক্রি সীমিত ছিল। এ সময় বিসিআইসি সরাসরি ক্রয় পদ্ধতিতে ধাপে ধাপে পণ্য কেনা শুরু করে।
- বিষয় :
- বিসিআইসি
