দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬ | ২১:২৪
মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করতে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে দিনব্যাপী ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর বনানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে এই সম্মেলন আয়োজিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্বাহী পরিচালক এবং উপ-প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম. নুরুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এসইভিপি ও ক্যামেলকো (ভারপ্রাপ্ত) মো. নকীবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজুর রহমান খান চৌধুরী বলেন, ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকিং খাতে একটি শক্তিশালী, ঝুঁকিভিত্তিক ও টেকসই কমপ্লায়েন্স কাঠামো গড়ে তোলা অপরিহার্য।’ তিনি নিয়মিত সক্ষমতা উন্নয়ন, কার্যকর লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা এবং সন্দেহজনক লেনদেন যথাসময়ে শনাক্তকরণ, বিশ্লেষণ ও প্রতিবেদন দাখিলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ব্যাংকিং খাতে আস্থা ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হলো কমপ্লায়েন্স। সঠিক জ্ঞান ও কার্যকর টুলসের মাধ্যমে আমাদের কর্মকর্তাদের সক্ষম করে তোলার মধ্য দিয়ে প্রিমিয়ার ব্যাংক সততা ও স্বচ্ছতার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। অভ্যন্তরীণ খরচকে বহুলাংশে বাড়িয়ে অতীতে সংঘটিত মানিলন্ডারিং কার্যক্রম আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এর ফলশ্রুতিতে আমাদের কমপ্লায়েন্স সংস্কৃতি এতটাই শক্তিশালী হয়েছে যে নির্দিষ্ট অঙ্কের লেনদেনের ক্ষেত্রেও আমি নিজে ইডিডি কল পাই—যা আমাদের দায়িত্বশীলতার স্পষ্ট প্রমাণ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ বলেন, ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর নীতিগত দিকনির্দেশনা অনুসরণ করে প্রিমিয়ার ব্যাংক কার্যক্রম অব্যাহত রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি
