ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বাড়ল

বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বাড়ল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:১১

দেশের লাইফ (জীবন ) ও নন-লাইফ (সাধারণ) বিমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি বাড়িয়েছে সরকার। এ বছর দেড় গুণ, ২০২৮ সালে আড়াই গুণ ও পাঁচ বছর পর ২০৩০ সালে মাশুল পাঁচ গুণ করা হয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই নিবন্ধন নবায়ন ফি বাড়ানো হয়েছে। 

এই নবায়ন ফি বাড়িয়ে সম্প্রতি ‘বিমা ব্যবসার নিবন্ধন ফি বিধিমালা-২০১২’ সংশোধনের গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিদ্যমান বিধিমালা ২০১২ সালে জারি হওয়ার সময় নিবন্ধন নবায়ন মাশুল ছিল প্রতি হাজারে মোট প্রিমিয়ামের বিপরীতে ৩ দশমিক ৫ টাকা। ২০১৮ সালের ১১ জুন তা সংশোধন করে ১ টাকায় নামিয়ে আনা হয়। এখন আবার তিন স্তরে এ হার সংশোধন করা হয়েছে।

নতুন গেজেট অনুযায়ী, ২০২৬, ২০২৭ ও ২০২৮ সালে নিবন্ধন নবায়ন ফি হবে প্রতি হাজার প্রিমিয়াম আয়ের ওপর ২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ, কোনো কোম্পানি এক কোটি টাকা প্রিমিয়াম আয় করলে তাকে পরবর্তী বছরের নিবন্ধন নবায়নের জন্য ২৫ হাজার টাকা ফি দিতে হবে।

এছাড়া, ২০২৯, ২০৩০ ও ২০৩১ সালে ৪ টাকা এবং ২০৩২ সাল ও পরবর্তী সময়ের জন্য এই হার ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই গেজেট প্রকাশের আগে বিমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি ছিল প্রতি হাজার প্রিমিয়ার আয়ের ওপর ১ টাকা।

আইডিআরএ এর আর্থিক প্রতিবেদনের তথ্য অনুসারে- ২০২০-২১ অর্থবছরে সংস্থাটির মোট আয় ছিল ২৫ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে বিমা কোম্পানিগুলোর কাছ থেকে রেজিস্ট্রেশন বা নবায়ন ফি বাবদ নেওয়া হয় প্রায় ১১ কোটি ৮৭ লাখ টাকা। বাকি টাকা এসেছে রিভিউ ফি, শাখা রেজিস্ট্রেশন ফি, এজেন্সি লাইসেন্স ফি, জরিমানা আদায়, এফডিআরএ এর সুদ ও অন্যান্য আয় থেকে।

অন্যদিকে, ২০২০-২০২১ অর্থবছরে আইডিআরএ এর মোট ব্যয় হয় ১১ কোটি ২ লাখ টাকা। এ ছাড়াও আয়কর বাবদ ৩ কোটি ৩৫ লাখ টাকা প্রভিশন বাদ দিয়ে সংস্থাটির ওই বছরে উদ্বৃত্ত দাঁড়ায় ১১ কোটি ১৬ লাখ টাকা। ৩০ জুন ২০২১ সালে সংস্থাটির মোট তহবিলের পরিমাণ ছিল ১০৬ কোটি ৬০ লাখ টাকা।

নিবন্ধন নবায়ন ফি বাড়ানোর প্রস্তাবে আইডিআর এর পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতে তাদের এই ব্যয় অন্তত চারগুণ বাড়বে- এ কারণে বর্তমানে প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা হারে নেওয়া নিবন্ধন নবায়ন ফি বাড়িয়ে তিন ধাপে ৫ টাকা করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন

×