ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্ষমতা হস্তান্তরের ব্যস্ততায় সুযোগ নিতে পারে অসাধু ব্যবসায়ীরা

এফবিসিসিআইর মতবিনিময় সভায় অভিমত

ক্ষমতা হস্তান্তরের ব্যস্ততায় সুযোগ নিতে পারে অসাধু ব্যবসায়ীরা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৬

| প্রিন্ট সংস্করণ

জাতীয় নির্বাচনের কয়েক দিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান। নির্বাচনের আগে ও পরের সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়বে এবং নতুন সরকার দায়িত্ব নেবে। এই ক্ষমতা হস্তান্তরের ব্যস্ততার মধ্যেই প্রশাসন ও বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি সাময়িকভাবে শিথিল থাকতে পারে। এ সুযোগ কাজে লাগাতে পারে নিত্যপণ্যের বাজারে অসাধু ব্যবসায়ীরা।

গতকাল সোমবার রাজধানীর এফবিসিসিআই ভবনে ‘রমজানপূর্ব বাজার পরিস্থিতি’ মূল্যায়নবিষয়ক মতবিনিময় সভায় এমন মত আসে। কেউ কেউ বলেন, বাজার তদারকি দুর্বল থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকবে। এ জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা করা দরকার। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। 
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেবে। এই ‘ট্রানজিশন পিরিয়ডে’ বাজার তদারকি দুর্বল হতে পারে। তখন অসাধুরা সুযোগ নেবে। তিনি জানান, রমজানে ক্যাবের ১০টি মনিটরিং টিম প্রতিদিন রাজধানীতে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। 

এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান বলেন, রমজান মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নির্বাচন শেষে কয়েকদিনের মধ্যেই রোজা শুরু হবে। তাই বাজার স্থিতিশীল রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি বৃহৎ শিল্পগোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানান, কোনোভাবেই সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে। আবার তদারকি যেন ব্যবসায়ীদের হয়রানির কারণ না হয়, এ বিষয়ে সকল কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। 
বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. গোলাম মাওলা বলেন, খুচরা পর্যায়ে ছোট ব্যবসায়ীদের তদারকি করে তেমন ফল পাওয়া যাবে না। যেখানে শত শত কোটি টাকার খেলা হয়, সেই আমদানিকারক ও মিল গেটে নজরদারি না থাকলে বাজার কখনোই স্থিতিশীল হবে না।
বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হাশেম বলেন, মিল মালিকরা নিয়মিত সরবরাহ করলে বাজারে কখনোই চিনি সংকট তৈরি হবে না। মেঘনা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার তসলিম শাহরিয়ার বলেন, নির্বাচনকেন্দ্রিক দীর্ঘ ছুটির কারণে বন্দরে খালাস, পরিবহন ও কাস্টমস কার্যক্রম কিছুটা ধীর হতে পারে। 

আরও পড়ুন

×