গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে
ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:১৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৩৩
ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে যে, প্রক্রিয়া শেষে আজ বুধবারই নতুন গভর্নর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ক একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি পেলে তা যাবে রাষ্ট্রপতির কার্যালয়ে। এরপর প্রজ্ঞাপন জারি হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক আজ দুপুর পৌনে দুইটায় অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেছেন। বের হওয়ার পর জানতে চাইলে নাজমা মোবারেক বলেন, ‘অপেক্ষা করুন। এখনই কিছু বলতে চাইছি না। কিছু হলে জানতে পারবেন।’
এদিকে দুপুর ২টার দিকে গভর্নর ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যান। এ সময় তিনি পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে কোনো জবাব না দিয়ে চলে যান।
গণঅভ্যত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব দেওয়ার পর ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসার এইচ মনসুরকে নিয়োগ দেয়। এখন বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আসার নয় দিনের মাথায় বর্তমান গভর্নরের জায়গায় নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক
- গভর্নর
- ড. আহসান এইচ মনসুর
