গণপূর্তমন্ত্রীকে রিহ্যাব
ড্যাপের বিধিনিষেধের প্রভাব পড়ছে আবাসন খাতে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৮:১১ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ০৮:১৫
| প্রিন্ট সংস্করণ
ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) কিছু বিধিনিষেধের কারণে নতুন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, যা আবাসন খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে দেখা করে এ কথা বলেছেন আবাসন খাতের সংগঠন রিহ্যাবের নেতারা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোয়িশেন অব বাংলাদেশ (রিহ্যাব)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিহ্যাবের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সহসভাপতি (প্রথম) লায়ন এম এম আউয়াল, সহসভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
সাক্ষাৎকালে আবাসন খাতের চলমান বিভিন্ন সমস্যা, বিশেষ করে ড্যাপ বাস্তবায়নের ফলে আবাসন প্রকল্পে ইউনিট সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন ব্যবসায়ীরা। আলোচনার পরিপ্রেক্ষিতে গণপূর্তমন্ত্রী আবাসন খাতের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো বিস্তারিত উল্লেখ করে লিখিত প্রস্তাব দেওয়ার জন্য রিহ্যাবকে অনুরোধ জানান।
রিহ্যাব সভাপতি বলেন, আবাসন খাতের উন্নয়ন ও বিদ্যমান সমস্যার সমাধানে রিহ্যাব দ্রুত একটি বিস্তারিত লিখিত প্রস্তাবনা প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেবে। রিহ্যাব আশা করে, সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে এবং দেশের আবাসন খাত আরও গতিশীল হয়ে উঠবে।
- বিষয় :
- রিহ্যাব
