চাকরি ফিরে পাওয়ার দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের মানববন্ধন
বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ১৪:৩০ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ১৪:৫৪
চাকরি ফিরে পাওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন শুরু হলে বাংলাদেশ ব্যাংকের দুটি গেট বন্ধ হয়ে যায়। পরে এলাকা কেপিআইভুক্ত হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে প্রায় ১০ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোতে অবৈধভাবে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের সঙ্গে নানা ধরনের অন্যায় করা এবং কোনো নোটিশ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়।
মানববন্ধনে নানা রকম স্লোগানের মাধ্যমে প্রতিবাদ ও নতুন বোর্ড গঠন করে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
দক্ষতা মূল্যায়নের নামে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন চাকরিচ্যুত কর্মকর্তারা। এ সময় তারা ব্যাংকগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।
প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভ ও মানববন্ধনের কারণে মতিঝিলের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
