ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এফবিসিসিআইর প্রাক-বাজেট আলোচনা

বন্দর, জ্বালানি ও রপ্তানিতে নজর দেওয়ার সুপারিশ

বন্দর, জ্বালানি ও রপ্তানিতে  নজর দেওয়ার সুপারিশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ০৭:৫৫

| প্রিন্ট সংস্করণ

আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বন্দর ও লজিস্টিকস ব্যবস্থাপনার আধুনিকায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং রপ্তানি বাড়াতে বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় তারা করের হার না বাড়িয়ে আওতা বাড়ানোর পরামর্শও দিয়েছেন।

এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় সুদের হার কমানো, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বন্দর ও লজিস্টিকস ব্যবস্থাপনার আধুনিকায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিতকরণ, রপ্তানি বহুমুখীকরণে অগ্রাধিকার খাতের উন্নয়ন, সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস স্থাপনসহ বিভিন্ন প্রস্তাব আসে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য আনুষ্ঠানিক সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এফবিসিসিআইর সদস্য সংগঠনগুলোর সঙ্গে এ আলোচনা হয়। এফবিসিসিআইর মতিঝিল কার্যালয়ে প্রাক-বাজেট সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. আবদুর রহিম খান।
এফবিসিসিআইর প্রশাসক বলেন, সরকার দেশে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। তবে এর মানে এই নয়, করের বোঝা বাড়বে। বরং করের আওতা বাড়ানোর মাধ্যমেই রাজস্ব আয় বাড়ানো হবে। এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বলেন, জাতীয় বাজেট এমন একটি সময় হতে যাচ্ছে, যখন বিশ্ব অর্থনীতি একটি অস্থিতিশীল, জ্বালানির বাজার অস্থির এবং বিনিয়োগ সম্ভাবনা অনিশ্চিত। এমন পরিস্থিতিতে নতুন সরকারের জন্য বাজেট প্রণয়ন হবে চ্যালেঞ্জিং। ব্যবসায়ী সমাজকে যৌক্তিক প্রস্তাবনা প্রদানের মাধ্যমে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

×