ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিসিআইয়ের সহযোগিতায় উৎপাদন সূচক প্রকাশ করবে বিআইডিএস

বিসিআইয়ের সহযোগিতায় উৎপাদন সূচক প্রকাশ করবে বিআইডিএস
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৭:৫১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ১৪:৫৬

| প্রিন্ট সংস্করণ

শিল্প খাতের গতিধারা ও বাস্তব তথ্য তুলে ধরতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআইয়ের সহযোগিতায় নিয়মিত ম্যানুফ্যাকচারিং ইনডেক্স বা উৎপাদন সূচক প্রকাশ করবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। যৌথভাবে বিভিন্ন সেক্টরের বৃহৎ ও মাঝারি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো নিয়ে ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি-১০০ ইনডেক্স’ শীর্ষক গবেষণা পরিচালনার লক্ষ্যে গতকাল ঢাকায় বিআইডিএস সম্মেলন কক্ষে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক এ. কে. এনামুল হক। সম্মানিত অতিথি ছিলেন বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক  ড. কাজী ইকবাল।

এ. কে. এনামুল হক বলেন, বিআইডিএস নতুন নতুন অনেক কাজ করেছে। সংস্থার ইন্ডাস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেক্টরের নিয়মিত অবস্থা তুলে ধরার উদ্যোগে যুক্ত হচ্ছে। তিনি বলেন, ‘আমরা সব সময় শুনি ইন্ডাস্ট্রির অবস্থা ভালো বা খারাপ। কিন্তু এই বক্তব্যের পক্ষে জোরালো ডেটা পাওয়া যায় না। এর ধারাবাহিকতায় আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ইনডেক্স করার পরিকল্পনা করি এবং আমাদের সঙ্গে বিসিআইয়ের সভাপতির যোগাযোগ হলে আমরা যৌথভাবে কাজটি করার সিদ্ধান্ত নিই।’ 

বিসিআইয়ের সভাপতি বলেন, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং খাত সব ক্ষেত্রে সঠিক নীতি সহায়তা পাচ্ছে না। অনেক ক্ষেত্রে সার্ভিস সেক্টর ও ট্রেডিং বিজনেসের সঙ্গে ম্যানুফ্যাকচারিং খাতকে মিশিয়ে ফেলা হচ্ছে। আমরা নীতিনির্ধারকদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য তুলে ধরতে পারি না। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য হালনগাদ উপাত্ত সবার জানা দরকার। তিনি বলেন, একটি শক্তিশালী গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিআইডিএস কাজটি সুন্দরভাবে করতে পারবে এবং এর মাধ্যমে সবাই উপকৃত হবে। 

মূল প্রবন্ধে ড. কাজী ইকবাল বলেন, ‘আমরা আমাদের নিজস্ব মডেলে ত্রৈমাসিক ইন্ডাস্ট্রি ইনডেক্স তৈরি করতে যাচ্ছি। আমরা মাঝারি এবং বৃহৎ শিল্প খাতকে নিয়ে এটি করছি।’ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি প্রীতি চক্রবর্তী, বিসিআই, উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান, বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ প্রমুখ। 

আরও পড়ুন

×