সানেমের সম্মেলনে অভিমত
শিল্প ও সেবায় কর্মসংস্থান কমে যাওয়া উদ্বেগের
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৭:৫২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:২২
| প্রিন্ট সংস্করণ
দেশে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে গত এক দশকে কাঠামোগত পরিবর্তন ঘটছে। এ সময়ে শিল্প ও সেবা খাতে কর্মসংস্থান কমেছে; বরং কৃষি খাতে কর্মসংস্থান কিছুটা বেড়েছে, যা আদর্শ প্রবণতা নয়। এ অবস্থাকে উদ্বেগজনক মনে করেন অর্থনীতিবিদরা।
গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-সানেমের বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের দ্বিতীয় দিনে ‘কর্মসংস্থান সৃষ্টিতে কাঠামোগত পরিবর্তন’ শিরোনামে প্রথম কর্ম-অধিবেশনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
গতকাল শনিবার রাজধানীর মহাখালীর হোটেল ব্র্যাক ইনে অনুষ্ঠিত সম্মেলনের এই অধিবেশনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। আলোচক ছিলেন সানেমের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাহতাব উদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকায় বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নাজমুস সাদাত খান।
গবেষণায় বলা হয়, ২০১০-১৭ সময়ে কৃষি খাতে কর্মসংস্থান স্থিতিস্থাপকতা শূন্য দশমিক ২৫ পয়েন্ট ঋণাত্মক ছিল। এটি ২০১৭-২৪ সময়ে বেড়ে শূন্য দশমিক ৯৮ পয়েন্ট হয়েছে। কৃষি খাতে জিডিপি বৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান বেড়েছে। অন্যদিকে, শিল্প খাতে এটি শূন্য দশমিক ৩৩ পয়েন্ট থেকে কমে শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ ঋণাত্মক হয়েছে। সেবা খাতেও কর্মসংস্থান স্থিতিস্থাপকতা প্রায় অর্ধেক কমেছে।
অধ্যাপক মাহতাব উদ্দিন বলেন, করোনা-পরবর্তী সময়ে অনেক মানুষ শহরের অনানুষ্ঠানিক খাতে চাকরি হারিয়ে গ্রামে ফিরে কৃষিকাজে যুক্ত হয়েছিলেন। এ কারণে শ্রমের অস্থায়ী পুনর্বিন্যাস হতে পারে। আইএলওর কান্ট্রি ডিরেক্টর বলেন, কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি নিঃসন্দেহে একটি জটিল ও গুরুত্বপূর্ণ সমস্যা।
- বিষয় :
- সানেম
