ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিয়ানমার থেকে এলো কাঠবোঝাই ট্রলার

মিয়ানমার থেকে এলো  কাঠবোঝাই ট্রলার
×

গত শুক্রবার টেকনাফ স্থলবন্দর ঘাটে মিয়ানমার থেকে আসা কাঠবােঝাই ট্রলার সমকাল

টেকনাফ প্রতিনিধি 

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:৩১

| প্রিন্ট সংস্করণ

এক বছর বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হওয়ার পথে। শুক্রবার দুপুরে মিয়ানমার থেকে একটি কাঠবোঝাই ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছার মধ্য দিয়ে বন্দরের কার্যক্রম সচল হয়েছে। এতে আমদানি-রপ্তানিকারকসহ শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে। 

গত শুক্রবার সকালে আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকা থেকে ট্রলারটি টেকনাফের উদ্দেশে রওনা হয় এবং বেলা দেড়টার দিকে টেকনাফ স্থলবন্দরের ঘাটে এসে পৌঁছে। গত ১৪ এপ্রিল কক্সজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ওই সময় তিনি বন্দরের কার্যক্রম সচল করার ঘোষণা দেন। 
ট্রলার আসার খবরে স্থলবন্দরে আসেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘সীমান্তে বৈধ ব্যবসা চালু হোক, যা থেকে রাজস্ব আদায় হবে। হাজারো মানুষ তাদের কর্মসংস্থান ফিরে পাবে। এটি পুরোদমে সচল করতে ব্যবসায়ীদের এগিয়ে আসা উচিত।’ 

স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে ট্রলারে আসা কাঠের মধ্যে চম্পাফুল ৫২০ পিস এবং গর্জন রয়েছে ৪৪৩ পিস। মোট ৯৬৩ পিস কাঠ খালাসের জন্য প্রক্রিয়াধীন।  
সরেজমিন দেখা যায়, শুক্রবার বেলা ১টার পর মিয়ানমারের পতাকাবাহী একটি কাঠবোঝাই ট্রলার টেকনাফ স্থলবন্দর ঘাটে নোঙর করে। ট্রলারে পাঁচজন মিয়ানমারের মাঝি ছিলেন। সেখানে ৪২ টন কাঠ রয়েছে, যা সিঅ্যান্ডএফ এজেন্ট এফআরবি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ওমর ফারুকের অধীনে। ওমর ফারুক বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে টেকনাফ স্থলবন্দরে কাঠের বোট পৌঁছেছে। আমরা ব্যবসায়ীরা প্রাণ ফিরে পেয়েছি, পুরোদমে চালু হলে এতদিনের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে।’

মিয়ানমার থেকে কাঠবোঝাই ট্রলার নিয়ে আসা মাঝি নেছার আহমেদ বলেন, ‘মিয়ানমার মংডু খাল থেকে দুই ঘণ্টায় টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছি। আসার পথে নাফ নদে বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবির টহল দল তল্লাশি চালিয়ে ছেড়ে দেয়।’
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, মিয়ানমার থেকে একটি কাঠবোঝাই ট্রলার আসার বিষয়টি তিনি অবহিত হয়েছেন। স্থলবন্দরের কাঠ পয়েন্ট টেকনাফ স্থলবন্দরের শ্রমিক নেতা মোহাম্মদ করিম বলেন, দীর্ঘ এক বছরের বেশি সময় পর একটি কাঠের বোট বন্দরে এসেছে। এতে বন্দরের কার্যক্রম ফের চালু হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
গত বছরের এপ্রিলের শুরুতে পণ্যবাহী জাহাজ থেকে কমিশন দাবিকে কেন্দ্র করে আরাকান আর্মির বাধার মুখে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ ঘোষণা করে। এতে শতাধিক আমদানি-রপ্তানিকারক বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। পাশাপাশি প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব হারায় বাংলাদেশ সরকার। 

আরও পড়ুন

×