ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দ্রুত অর্থ ফেরত চান ৬ আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা

দ্রুত অর্থ ফেরত চান ৬ আর্থিক  প্রতিষ্ঠানের আমানতকারীরা
×

জমানো টাকা দ্রুত ফেরতের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৭:৪০ | আপডেট: ০৭ মে ২০২৬ | ০৭:৪৮

| প্রিন্ট সংস্করণ

জমানো টাকা দ্রুত ফেরতের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন অবসায়নের প্রক্রিয়ায় থাকা সমস্যাগ্রস্ত ছয় আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে সরকার থেকে টাকা না পাওয়া পর্যন্ত আমানতকারীদের দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মানববন্ধন থেকে আমানতকারীরা বলেন, দেশের অবসায়নাধীন ৬ প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ক্ষতিগ্রস্ত ১২ হাজারের বেশি আমানতকারীর প্রতিনিধিত্ব করছেন তারা। গত সাত বছর ধরে এসব প্রতিষ্ঠানে কষ্টার্জিত সঞ্চয় আটকে থাকায় আমানতকারীরা চরম আর্থিক অনিশ্চয়তা, মানসিক চাপ ও মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক আমানতকারী ক্যান্সার, কিডনি, হৃদরোগসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। চিকিৎসা-বঞ্চনার কারণে ইতোমধ্যে একাধিক আমানতকারীর মৃত্যু হয়েছে। দেশের সব ব্যাংক ও এনবিএফআইয়ের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে জনগণের আমানত সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। আমানতকারীরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানাচ্ছেন।

তারা বলেন, ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে আমানত ফেরতের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আগের গভর্নর জানিয়েছিলেন। সে অনুযায়ী দ্রুত একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত ও কার্যকর রোডম্যাপ ঘোষণা করতে হবে। 

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে বলেন, অবসায়ন প্রক্রিয়ায় থাকা এসব আর্থিক প্রতিষ্ঠান নিজেদের আয় দিয়ে চলার মতো অবস্থায় নেই। আবার ঋণ আদায় করেও অর্থ ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে সরকারি তহবিল পাওয়া সাপেক্ষে অর্থ ফেরত দিতে হবে। অন্তর্বর্তী সরকার ছয়টি প্রতিষ্ঠান অবসায়নের জন্য টাকার সংস্থানের আশ্বাস দিয়েছিল। এরই ভিত্তিতে আগের গভর্নর জুলাইয়ের মধ্যে অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে এমন ধারণা দিয়েছিলেন। তিনি বলেন, সরকার অর্থ ছাড় করলে দ্রুত আমানতকারীদের ফেরতের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

×