১০ খাতে সার্কুলার ইকোনোমি নিয়ে কাজ করবে সাচিন
আয়োজিত অনুষ্ঠানে সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক (সাচিন)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ২১:০৭
শিল্প ও সেবাখাতের গুরুত্বপূর্ণ ১০টি খাতে সার্কুলার ইকোনোমি নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক (সাচিন)। শনিবার রাজধানী ঢাকার তেজগাঁওয়ে বিসিআই কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ ঘটে।ী
সাচিনের কাজের আওতায় থাকা খাতগুলোর মধ্যে রয়েছে— তৈরি পোশাক, কৃষি, উৎপাদন, প্লাস্টিক ও জাহাজ নির্মাণ শিল্প; অবকাঠামো খাতের বিদ্যুৎ ও জ্বালানি; এবং সেবাখাতের রিয়েল এস্টেট, স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা, পানি ও স্যানিটেশন।
অনুষ্ঠানে বাংলাদেশের পরিবেশ ও প্রতিবেশ বিবেচনায় সার্কুলার ইকোনোমির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সাচিনের সভাপতি প্রীতি চক্রবর্তী, ইউরোচ্যাম বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ, সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মনির উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে সাচিনের উদ্দেশ্য তুলে ধরে বলা হয়, প্রতিষ্ঠানটির কার্যক্রম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে দায়িত্বশীল ভোগ ও উৎপাদন, জলবায়ু কার্যক্রম এবং অংশীদারিত্বমূলক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এছাড়া বাংলাদেশসহ এশিয়ার জন্য একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সার্কুলার ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার, শিল্পখাত, উন্নয়ন অংশীদার, গবেষক, বিশ্ববিদ্যালয়, যুবসমাজ ও বিভিন্ন জনগোষ্ঠীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। গবেষণা, উদ্ভাবন, নীতিনির্ধারণে সম্পৃক্ততা এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে সংস্থাটির মূল লক্ষ্য।
সাচিনের নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য দেন— বিসিআই এর সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি শিয়াবুর রহমান শিহাব, মহাসচিব শাফায়াত হোসেন, উপদেষ্টা একেএম জাহিদুল আলম, যুগ্ম সচিব শেখ মো. রিজভী নেওয়াজ, কোষাধ্যক্ষ নাজমুছ ছাকিব ও নির্বাহী কমিটির সদস্য মাহফুজুর রহমান।
- বিষয় :
- শিল্প খাত
