ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কলমানিতে হঠাৎ বাড়ল সুদহার

কলমানিতে হঠাৎ বাড়ল সুদহার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৭:২৭

| প্রিন্ট সংস্করণ

দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর কলমানিতে সুদহার হঠাৎ বেড়েছে। গতকাল সোমবার এক রাতের ধারে সুদহার উঠেছে ১০ দশমিক ৬৩ শতাংশ। আগের দিনও সামান্য বেড়ে যা ১০ দশমিক ১৯ শতাংশে উঠেছিল। এর আগে দীর্ঘদিন ধরে সুদহার ১০ শতাংশের আশপাশেই ছিল। অন্য সব মেয়াদের আন্তঃব্যাংক ধারের সুদহারও বেড়েছে।
এদিকে, বৈদেশিক মুদ্রাবাজার ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন গভর্নর মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে ট্রেজারি বিল, বন্ডের সুদহার নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, বাজারে এখন প্রচুর তারল্য রয়েছে। এর প্রধান কারণ একদিকে বেসরকারি খাতে ঋণ চাহিদা কমে ৬ শতাংশে নেমেছে। আরেকদিকে বাজার থেকে ডলার কিনে টাকা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরের এ পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে ৫৯৮ কোটি ৩৫ লাখ ডলার কিনে ৭৩ হাজার ৪৪৭ কোটি টাকার মতো দেওয়া হয়। রেমিট্যান্সে উচ্চ প্রবাহের কারণে ব্যাংকগুলোর কাছে প্রচুর ডলার জমা হচ্ছে। এসব কারণে এই মুহূর্তে বাজারে তারল্য উদ্বৃত্ত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, বর্তমান বাজার বাস্তবতায় আন্তঃব্যাংক লেনদেনে সুদহার বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। কেননা রোববার ট্রেজারি বিলের লেনদেনে সুদহার কমেছে। আবার রেপোর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ধারের চাহিদা নেই। তিনি জানান, রোববার সুদহার কমে ৩৬৪ দিন মেয়াদি বিলে ১০ দশমিক ৬৪, ১৮২ দিন মেয়াদি বিলে ১০ দশমিক ৪৭ এবং ৯১ দিন মেয়াদি বিলে ১০ দশমিক ১৭ শতাংশ নেমেছে। গত সপ্তাহের নিলামে প্রতি ক্ষেত্রেই এর চেয়ে যা বেশি ছিল। তিনি বলেন, ঈদকে সামনে রেখে ব্যাংকগুলোর বাড়তি চাহিদা থাকে। অনেক সময় খারাপ অবস্থায় থাকা ব্যাংককে অন্য ব্যাংক ধার দিতে চায় না। যে কারণে বেশি সুদ দিয়ে এভাবে ধার নিয়ে থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল আন্তঃব্যাংকে এক রাতের ধারে সর্বোচ্চ ১১ দশমিক ২৫ এবং সর্বনিম্ন ৯ দশমিক ৯৫ শতাংশ সুদে লেনদেন হয়। এতে গড় সুদ দাঁড়ায় ১০ দশমিক ৬৩ শতাংশ। দুই দিনের ধারে গড়ে ১০ দশমিক ৯০ শতাংশ, তিন দিনের ধারে ১০ দশমিক ৬০ শতাংশ, ছয় দিন মেয়াদিতে ১০ দশমিক ৮৩, ১৪ দিন মেয়াদি ধারে ১০ দশমিক ৮৬, এক মাসের জন্য ১০ দশমিক ৮০ এবং তিন মাস মেয়াদিতে ১২ শতাংশ সুদ উঠেছে। সাম্প্রতিক সময়ের মধ্যে যা বেশি।

আরও পড়ুন

×