ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কর্মকর্তাদের কলম বিরতির কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

কর্মকর্তাদের কলম বিরতির কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি
×

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৩:০৭

‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ১ ঘণ্টা কলম বিরতি পালন করছেন। আজ বৃহস্পতিবার এ কলম বিরতি পালন করেন কর্মকর্তারা।

তবে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাদের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা নেই। কেউ সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘গ্রাহক যদি সেবা না নিতে আসেন তাহলে আমাদের পক্ষে তো তা দেওয়া সম্ভব না। আমাদের অফিসাররা সেবা দিতে প্রস্তুত। এখন কোনো শাখায় কি হচ্ছে সেটা তো এখানে বসে জানা সম্ভব না।’

জানা গেছে, গতকাল বুধবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ‘সচেতন গ্রাহক ফোরাম’। এ সময় ব্যাংকের কর্মকর্তাদের আজ এক ঘণ্টা কলম বিরতি পালন করার আহ্বান জানায়। সেই আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংকের অনেক শাখার কর্মকর্তারা কলম বিরতি পালন করছেন। যদিও এ বিষয়ে গণমাধ্যমে সরাসরি কেউ বক্তব্য দিতে রাজি হয়নি।

আন্দোলনকে কেন্দ্র করে যদি গ্রাহক সব টাকা তুলে নিয়ে যান তখন ব্যাংকের কী হবে এমন প্রশ্নে এমডি বলেন, ‘একটা ব্যাংক থেকে যদি গ্রাহক একদিনে সব টাকা তুলে নিয়ে যান তাহলে ব্যাংক তো বন্ধ হয়ে যাবে। এটা কখনোই হয় না। আন্দোলনসহ নানা কারণে টাকা তোলার চাপ আছে। তবে সেটা এখনো সহনীয় পর্যায় রয়েছে। যদিও সেটা অন্যান্য সময়ের তুলনায় বেশি। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। হলে সেটা সবাই জানতে পারতো।’

আরও পড়ুন

×