ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

প্রতিটি পণ্যে ভোক্তার আস্থা ফেরাতে হবে

বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনায় শিল্পমন্ত্রী

প্রতিটি পণ্যে ভোক্তার আস্থা ফেরাতে হবে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৭:২৭

| প্রিন্ট সংস্করণ

প্রতিটি পণ্যের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। এ জন্য পণ্যের গুণগত মান, পরিমাপ সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরও শক্তিশালী করা হবে। ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। এ বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য– ‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।

বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইআইর প্রশাসক মো. আবদুর রহিম খান। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

শিল্পমন্ত্রী আরও বলেন, গুণগত মানসম্পন্ন এবং সঠিক ওজনের পণ্য পাওয়া জনসাধারণের নাগরিক অধিকার। জনগণের এই অধিকার রক্ষায় বিএসটিআই-কে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জনগণ ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে বিএসটিআইর মানচিহ্নকে আস্থার প্রতীক মনে করে। 

শিল্প সচিব বলেন, বিএসটিআইয়ের ব্যাপক কার্যক্রম পরিচালনার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি রয়েছে। আধুনিক ল্যাব স্থাপনের কার্যক্রম চলমান। খুলনা ও চট্টগ্রামে ১০তলাবিশিষ্ট অত্যাধুনিক ভবন ও ল্যাবরেটরি নির্মাণ, ১০ জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও করা হবে। 
কাজী ইমদাদুল হক বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা ও মুক্ত বাণিজ্য অর্থনীতিতে দেশীয় পণ্যের রপ্তানি সম্প্রসারণে বিএসটিআইর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক আধুনিকায়ন কর্মসূচি চলমান। এর মধ্যে রয়েছে দেশের ১১টি জেলায় পূর্ণাঙ্গ ল্যাবরেটরিসহ আঞ্চলিক ভবন নির্মাণ, যা বর্তমানে চলমান। আরও ৪২টি জেলায় সেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধান কার্যালয়ে নতুন ১৩তলা ভবনসহ রসায়ন ও পদার্থ উইংয়ে ৬৭টি অত্যাধুনিক ল্যাব এবং ২১টি মেট্রোলজি ল্যাব স্থাপন প্রকল্প বাস্তবায়নাধীন। হালাল পণ্যে বাংলাদেশের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। 
আব্দুর রহিম খান বলেন, বিএসটিআই খাদ্যপণ্যসহ বিভিন্ন সেবার গ্রহণযোগ্য মান নির্ধারণ করে থাকে। এর মাধ্যমে সরকারের নীতি-কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। 

আরও পড়ুন

×