আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬ | ২১:০২ | আপডেট: ১০ জুন ২০২৬ | ২১:০৩
রাজধানীর মিরপুর-১০ এলাকায় প্রথম ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান ‘আকিজ মেডিপ্লেক্স’।
বুধবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন। এর মাধ্যমে নির্মাণ, ভোগ্যপণ্য, প্রযুক্তি ও সেবাখাতের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতেও কার্যক্রম শুরু করল আকিজ রিসোর্স।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আকিজ মেডিপ্লেক্সে এআই-নির্ভর আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকবে। পাশাপাশি রোগীদের জন্য হোম স্যাম্পল কালেকশন, স্বয়ংক্রিয় ভাইটাল চেক, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও ডিজিটাল রিপোর্টিং সেবাও চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফারিয়া হোসেন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের জীবনমানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য থেকেই আমরা স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু ব্যবসা সম্প্রসারণ নয়; বরং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে নির্ভরযোগ্য ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে সক্ষম একটি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলা। স্বাস্থ্য খাতে এই উদ্যোগ চিকিৎসা অবকাঠামোর উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, দেশে আধুনিক স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু এখনও অনেক মানুষকে মানসম্মত ডায়াগনস্টিক সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হয় বা দূরে যেতে হয়। আমরা প্রযুক্তি, দক্ষতা ও মানবিক সেবার সমন্বয়ে দ্রুত ও নির্ভরযোগ্য রোগ নির্ণয় সেবা নিশ্চিত করতে চাই।
আকিজ মেডিপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারের পাশাপাশি জার্মান প্রযুক্তির আধুনিক ল্যাবরেটরি, আন্তর্জাতিক মানের পরীক্ষার সুবিধা এবং রোগীবান্ধব নানা সেবা চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান, ক্লাস্টার সিএফও আশফাক চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- বিষয় :
- আকিজ রিসোর্স
