ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৫:৫৪

২০২৬-২৭ অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা। সে হিসাবে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ছে ১৭ হাজার ৬০৭ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারেরও এটি প্রথম বাজেট।

অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জিডিপির ১২ দশমিক ৬ শতাংশ। পরে সংশোধিত বাজেটে এর আকার প্রাক্কলন করা হয় ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। সে হিসাবে নতুন অর্থবছরের বাজেটের আকার বেড়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা।

সাধারণত বাজেট ঘোষণার পর বিভিন্ন পণ্য ও সেবার দামে পরিবর্তন দেখা যায়। এবারও বেশ কিছু পণ্যের ওপর উৎস কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। অন্যদিকে কিছু খাতে কর ছাড় ও ভর্তুকির কারণে কিছু পণ্যের দাম কমার সম্ভাবনাও রয়েছে।

এবারের বাজেটে কোন খাতে কর বাড়ছে, কোথায় কর ছাড় দেওয়া হচ্ছে এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে কী ধরনের প্রভাব পড়তে পারে—সেদিকে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের বিশেষ নজর থাকবে।
 

আরও পড়ুন

×