ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে বড় বরাদ্দ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে বড় বরাদ্দ
×

লোগো

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৮:৩৩

দেশের ক্রীড়া খাতকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আগামী অর্থবছরের বাজেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘খেলাধুলাকে শুধু বিনোদন বা প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে নয়; এটিকে কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টিকারী একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা, ক্রীড়া ইভেন্ট, গণমাধ্যম, ক্রীড়াসামগ্রী, পর্যটন এবং সংশ্লিষ্ট সেবাখাতের সমন্বিত বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা হবে।’

অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পূর্বঘোষণার আলোকে ইতিমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু হয়েছে। এর আওতায় দেশের ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের খুঁজে বের করে দীর্ঘমেয়াদি বৃত্তি প্রদান করা হবে, যাতে তারা পরিকল্পিতভাবে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পায়।

প্রাথমিক পর্যায়ে কর্মসূচিতে আটটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৪৯২ জন কিশোর এবং ৪৭ হাজার ১৩০ জন কিশোরী নিবন্ধন সম্পন্ন করেছে। ফলে নিবন্ধিত খেলোয়াড়ের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬২২ জনে।

আরও পড়ুন

×