বাদ্যযন্ত্রের দাম কমছে
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৯:৩৯
দেশের তরুণ প্রজন্মের সৃজনশীল মেধা ও মননকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের একটি ‘ক্রিয়েটিভ ইকোনমি’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে ডিজিটাল কনটেন্ট ও সৃজনশীল শিল্পখাতকে উৎসাহিত করতে বাজেটে একাধিক শুল্ক ও কর সুবিধা ঘোষণা করা হয়েছে।
ডিজিটাল মিডিয়ায় ব্যবহৃত সংগীতের মানোন্নয়ন এবং নতুন সৃজনশীল সংগীত নির্মাণে সহায়তার অংশ হিসেবে গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র ও এর প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হয়েছে। এর ফলে এসব বাদ্যযন্ত্রের দাম কমে আসার সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতাদের জন্য বিশেষ কর ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে অনেকেই এই প্ল্যাটফর্মগুলোতে কনটেন্ট তৈরি করাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। এ প্রেক্ষাপটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর থাকা ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে চলচ্চিত্র ও ক্রিয়েটিভ মিডিয়ার কারিগরি সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে উচ্চপ্রযুক্তির সিনেমাটোগ্রাফিক ক্যামেরা এবং এর প্রজেক্টর ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানিতে শুল্কহার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এসব প্রস্তাব ও সিদ্ধান্ত তুলে ধরেন।
- বিষয় :
- বাজেট ২০২৬-২৭
- বাদ্যযন্ত্র
