ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

অ্যামচ্যামের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহ-সভাপতি আলা উদ্দিন 

অ্যামচ্যামের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহ-সভাপতি আলা উদ্দিন 
×

সৈয়দ মোহাম্মদ কামাল ও আলা উদ্দিন আহমদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ২০:১১

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) নতুন নির্বাহী ঘোষণা করেছে। রোববার রাজধানীর বনানী শেরাটন হোটেলে ২০২৬–২০২৮ মেয়াদের কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যামচ্যামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নবনির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ।  কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রেজা উর রহমান মাহমুদ। 

সৈয়দ মোহাম্মদ কামালের আর্থিক সেবা, এফএমসিজি, রেমিট্যান্স ও ডিজিটাল পেমেন্ট খাতে ৩৫ বছরেরও বেশি নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তিনি আগে অ্যামচ্যাম বাংলাদেশের সহ-সভাপতি এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আলা উদ্দিন আহমদ একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং সিএএএনজেডের সদস্য। অ্যামচ্যাম, ফিকি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নেতৃত্বে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রেজা উর রহমান মাহমুদ অর্থনীতি, কৌশল এবং জনসংযোগ বিষয়ে ২২ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন। 

নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ন্যাটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আল-মামুন এম. রাশেল, এক্সিলারেট এনার্জি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া, অ্যাভেরি ডেনিসন বাংলাদেশ ও শ্রীলঙ্কার জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন এবং শপআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা আতাউর রহিম চৌধুরী। 

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে অ্যামচ্যামের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ তাঁর দায়িত্বকালে চেম্বারের প্রাতিষ্ঠানিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন অ্যামচ্যামের নতুন নেতৃত্বের প্রতি তাঁর আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে তাদের সাফল্য কামনা করেন।

আরও পড়ুন

×