ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

পূবালী ব্যাংকের ৪৩তম এজিএম অনুষ্ঠিত

পূবালী ব্যাংকের ৪৩তম এজিএম অনুষ্ঠিত
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ২৩:০৮

পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান।

সভায় পরিচালনা পর্ষদের পরিচালক হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, মুস্তফা আহমদ, আরিফ আহমেদ চৌধুরী, ড. শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এফসিএ এবং কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান সভায় যুক্ত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডারদের মতামতের ভিত্তিতে ২০২৫ সালের জন্য ১০ শতাংশ নগদ (ক্যাশ) লভ্যাংশ এবং ২০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

এজিএমে শেয়ারহোল্ডাররা ব্যাংকের ধারাবাহিক প্রবৃদ্ধি ও উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের অবদানের প্রশংসা করেন।

সভায় চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যেও পূবালী ব্যাংক সুশাসন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং শক্তিশালী মূলধন ভিত্তির মাধ্যমে একটি স্থিতিশীল ও আস্থাশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। তিনি বলেন, শেয়ারহোল্ডারদের জন্য সুপারিশকৃত ৩০ শতাংশ লভ্যাংশ ব্যাংকের আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি পরিচালনা পর্ষদের আস্থার প্রতিফলন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিবেশেও ২০২৫ সালে পূবালী ব্যাংক শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি, উন্নত সম্পদমান এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি জানান, ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ১৩ কোটি টাকা, আমানত ৮৯ হাজার ৫১৯ কোটি টাকা এবং নিট মুনাফা ১ হাজার ৭৯ কোটি টাকা। একই সঙ্গে মাত্র ২ দশমিক ২০ শতাংশ খেলাপি ঋণের হার বজায় রেখে ব্যাংকটি নিরাপদ ও সুশাসনভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

মোহাম্মদ আলী আরও বলেন, ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫ লাখ ২৮ হাজারে পৌঁছেছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ১ কোটি ৮৬ লাখের বেশি লেনদেন সম্পন্ন হয়েছে। বাংলা কিউআর, পিওএস নেটওয়ার্ক, সেলফ-সার্ভিস ব্যাংকিং এবং বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের সমন্বয়ে পূবালী ব্যাংক একটি শক্তিশালী ‘ফিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেম’ গড়ে তুলছে।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহক, শেয়ারহোল্ডার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।

সবশেষে চেয়ারম্যান মনজুরুর রহমান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×