ব্যাংকে অনিয়মের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে
মো. মোস্তাকুর রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৭:৪৬
| প্রিন্ট সংস্করণ
কোনো ব্যাংক নিয়ম অমান্য করলে বাংলাদেশ ব্যাংক থেকে শাস্তি এবং জরিমানার ক্ষেত্রে কোনো শিথিলতা দেখানো যাবে না। অনিয়ম-জালিয়াতিতে যারই সম্পৃক্ততা পাওয়া যাক, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের তদারকিসংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে গভর্নর মো. মোস্তাকুর রহমান এমন বার্তা দিয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সভায় তদারকি-সংশ্লিষ্ট সব বিভাগের পরিচালক, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন। তিনি তদারকির ক্ষেত্রে কঠোর ভূমিকা নেওয়ার নির্দেশ দেন। কোনো ব্যাংক আইন বা বিধিবিধান লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কোনোরূপ শৈথিল্য প্রদর্শন না করে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা বলেন। এ ছাড়া কোনো ব্যাংক আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের নির্দেশ দেন। এসব বিষয়ে অগ্রগতি নিয়ে মাঝেমধ্যে তিনি এ সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে বসবেন।
বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা সমকালকে বলেন, কোনো একটি অপরাধের শাস্তির জন্য হয়তো ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা জরিমানার কথা বলা আছে। অনেক ক্ষেত্রে শাস্তি না দিয়ে কেবল সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। শাস্তি দিলেও সাধারণভাবে সর্বনিম্নটা দেওয়া হয়। এখন থেকে সর্বোচ্চ তথা ১০ লাখ টাকা জরিমানা করা হবে। এ ক্ষেত্রে কোনো পর্যায় থেকে তদবির এলে তা না শোনার জন্য গভর্নর নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, আর্থিক খাতে সুশাসন বাড়াতে চলতি বছরের শুরু থেকে ব্যাংকগুলোর তদারকি ব্যবস্থায় পরিবর্তন এনেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রথাগত পরিদর্শনের পরিবর্তে বিভিন্ন ডেটার ভিত্তিতে ‘ঝুঁকিভিত্তিক তদারকি’ ব্যবস্থা চালু হয়েছে।
- বিষয় :
- মো. মোস্তাকুর রহমান
